মক্কা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব রাশিয়ার

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। মস্কোর মতে, এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া এক বক্তব্যে এ প্রস্তাবের কথা জানান।

ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল। ওই কাঠামোয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জটিল হলেও তাদের মধ্যে আলোচনা ও বৈঠকের আয়োজন, পারস্পরিক অভিযোগ তুলে ধরার সুযোগ তৈরি এবং আস্থা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগে সহায়তা করাই ছিল রাশিয়ার লক্ষ্য।

এ প্রসঙ্গে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়টিও তুলে ধরেন ল্যাভরভ। তিনি বলেন, চীনের মধ্যস্থতা এবং রাশিয়ার সক্রিয় উৎসাহে কয়েক বছর আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

ল্যাভরভ বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।’

সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি উপস্থাপন করেছে, সেটিকে সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষার একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, ভবিষ্যতে এই কাঠামোর সঙ্গে উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোকেও যুক্ত করার সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে মিসর ও আলজেরিয়াকেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন ল্যাভরভ। তিনি বলেন, জোটটিতে ইরান কী শর্তে অংশ নিতে পারে, সে বিষয়ে যদি একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়, তাহলে তা রাশিয়ার বহু বছর আগে প্রস্তাব করা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

তবে এমন কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠলে সেখানে রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ। তার বক্তব্যে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে একটি বিস্তৃত নিরাপত্তা কাঠামোর ধারণাই গুরুত্ব পেয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।