ব্রাজিল আর বিশ্বচ্যাম্পিয়ন হবে না, দাবি সাবেক ফুটবলারের

ব্রাজিলের ফুটবল নিয়ে এবার চরম হতাশা প্রকাশ করেছেন দেশটির সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও কোচ পাওলো সিলাস। তার দাবি, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ব্রাজিল আর কখনো বিশ্বকাপের শিরোপা জিততে পারবে না।

ইএসপিএন আর্জেন্টিনার এক অনুষ্ঠানে ব্রাজিলের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরে সিলাস বলেন, ‘ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না।’

সিলাসের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের ফুটবলের বর্তমান কাঠামো নিয়ে নিজের উদ্বেগের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে, দেশটির ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় স্থানীয় তরুণ প্রতিভাদের সামনে উঠে আসার সুযোগ কমে যাচ্ছে।

নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে গ্রেমিওর কথা উল্লেখ করেন সিলাস। তিনি বলেন, ‘গ্রেমিও তো শুধু একটা উদাহরণ। তাদের দলে ১৩ জন বিদেশি খেলোয়াড় আছে। এদের কেউই নিজের দেশের হয়ে প্রথম একাদশে খেলে না, অথচ তারাই তরুণ খেলোয়াড়দের উঠে আসার পথ আটকে দিচ্ছে। কারণ পুরো দলটাই এখন অচেনা জিনিসে ভরে গেছে। সেখানে মাত্র নয়জন খেলোয়াড় খেলতে পারে।’

সিলাসের বক্তব্যের মূল ইঙ্গিত ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলে বিদেশি খেলোয়াড় ব্যবহারের বর্তমান নিয়মের দিকে। সিরি আ-র প্রতিটি ম্যাচে একটি ক্লাব সর্বোচ্চ কতজন বিদেশি খেলোয়াড় মাঠে নামাতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট সীমা রয়েছে।

তবে সিলাসের মতে, বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি বেড়ে যাওয়ায় সেই সীমার মধ্যেও স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে। বিশেষ করে তরুণ ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়মিত ম্যাচ খেলার সুযোগ কমে গেলে দীর্ঘমেয়াদে জাতীয় দলের ওপর তার প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করছেন।

তার এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ব্রাজিলের জাতীয় দলকে ঘিরে বিশ্বকাপ-পরবর্তী প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন প্রজন্ম কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটিও এখন ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বড় প্রশ্ন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।