বৃষ্টিতে ম্যাচ হলো না, র‍্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডে বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। টস করতেও নামেননি দুই দলের অধিনায়ক। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় কোনো বল না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নাগোয়ার বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার কারণে ম্যাচের আগের দিনগুলোতেও পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের প্রথম দিন স্থানীয় সময় সকাল ৯টায় নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন করা সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের সুযোগ ছিল। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় সেই সুযোগও কাজে লাগানো যায়নি। পরে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়।

বর্তমানে বাংলাদেশ নারী দলের অবস্থান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। বিপরীতে চীনের অবস্থান ৩৭। র‍্যাঙ্কিংয়ের এই ব্যবধানের কারণে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশ এর আগে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ পদক জিতেছে। এবারও পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ জানিয়েছিলেন দলের ব্যাটার সোবহানা মুশতারি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’

চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল বড় একটি ম্যাচ। ২০১০ এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ওই ম্যাচটি আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় ছিল না। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে সেই ম্যাচও মাঠে গড়াল না।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।