বিয়ের পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ‘পেশেন্ট জিরো’ গানটির ঘোষণা দেন তিনি। নতুন একটি ছবি প্রকাশ করে টেলর জানান, গানটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য তিনি বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলেন।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ এক সময়ের মধ্যেই নতুন গানটির ঘোষণা দিলেন টেলর। গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করেন তিনি। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিল তাদের নিজেদের লেখা শপথ। বিয়ের আনুষ্ঠানিকতা পরিচালনা করেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।
নতুন গানটি নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে। টেলর সুইফটের ওয়েবসাইটে গানটির প্রি-অর্ডারের সুযোগও দেওয়া হয়েছে। মূল সংস্করণের পাশাপাশি ‘পেশেন্ট জিরো’-এর অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও প্রকাশ করা হবে। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেলরকে তার বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা যায়।
টেলরের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশিত হয় ২০২৫ সালের অক্টোবরে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষস্থান ধরে রাখে ১২ সপ্তাহ। এতে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ এবং ‘ওপালাইট’-এর মতো গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়।
চলতি বছরও সংগীতাঙ্গনে সক্রিয় ছিলেন টেলর। ‘টয় স্টোরি ৫’ সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য তিনি ‘আই নিউ ইট আই নিউ ইউ’ গানটি প্রকাশ করেন। নতুন গান ‘পেশেন্ট জিরো’ দিয়ে এবার বিয়ের পর নতুন অধ্যায়ের সংগীতযাত্রায় ফিরছেন এই তারকা।
এদিকে গানটি প্রকাশের মাত্র দুই দিন পর, ২৫ সেপ্টেম্বর এমটিভি ভিএমএ অনুষ্ঠানে টেলর সুইফটকে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টরস অনার্স’ সম্মানে ভূষিত করা হবে। একই অনুষ্ঠানে নয়টি পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছেন তিনি।
ফলে নতুন গান প্রকাশ এবং এমটিভি ভিএমএতে বিশেষ সম্মাননা দুই আয়োজন ঘিরেই টেলর সুইফটের ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ। নতুন গানটির মাধ্যমে বিয়ের পর তার সংগীতজীবনে নতুন কোনো অধ্যায়ের সূচনা হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।