বিশ্বকাপ ফাইনালে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। ফাইনালে সন্দেহজনক কিছু ঘটেনি বলে দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার কথাও জানিয়েছেন এই ডিফেন্ডার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রোমেরো বলেন, ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কোনো ভিত্তিহীন বা বোকামিপূর্ণ কথা লিখলেও তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। স্পেন নিজেদের কাজ ঠিকভাবে করেছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের দলও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। পুরো বিশ্বকাপজুড়েই শারীরিকভাবে চ্যালেঞ্জের মুখে ছিলেন খেলোয়াড়েরা।
টুর্নামেন্টে দলের একাধিক খেলোয়াড়ের চোটের কথাও তুলে ধরেন রোমেরো। তাঁর ভাষ্য, লিয়ান্দ্রো পারেদেস পাঁজরের চোট নিয়ে খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেন্ডনের চোটের কারণে তিনি নিজেও অনুশীলন করতে পারেননি। লিচা, মলি ও নিকোলাস তাগলিয়াফিকোও ফিটনেস সমস্যায় ছিলেন। অন্যদিকে, এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ ভাঙা আঙুল নিয়ে খেলেছেন বলে জানান তিনি।
নিজের পারফরম্যান্স ও দলের প্রতি দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন রোমেরো। তিনি বলেন, কে কী বলছে, তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই। নিজের কাছে সৎ থাকা এবং শেষ মিনিট পর্যন্ত সর্বোচ্চটা দেওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির জন্য খেলোয়াড়দের সমালোচনা করা ব্যক্তিদেরও কটাক্ষ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর দাবি, গত ছয়-সাত বছর ধরে জাতীয় দলের সঙ্গে থাকার সময়ে তাঁরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে কাটানো সময়ের স্মৃতিও তুলে ধরেন রোমেরো। মেসির বিদায়ের পর তাঁর সঙ্গে আর কথা হয়নি জানিয়ে রোমেরো বলেন, একসঙ্গে জাতীয় দলে থাকার সময় তাঁদের নিয়মিত কথা হতো। এখনো বিষয়টি তাঁদের কাছে কিছুটা অদ্ভুত লাগে।
বিশ্বকাপের আগে নিজের হাঁটুর চোট নিয়েও কথা বলেন এই ডিফেন্ডার। চোট পাওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় কেঁদে ফেলেছিলেন তিনি। তবে দুই দিন পর স্ক্যান করানোর পর লিগামেন্টের সমস্যা ধরা পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালের মধ্যে ফিট হয়ে ওঠার আশা করেছিলেন বলে জানান রোমেরো।
দলে জায়গা ধরে রাখার ক্ষেত্রে কোচ লিওনেল স্কালোনির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। রোমেরোর ভাষ্য, স্কালোনি তাঁর ওপর আস্থা রেখেছিলেন; অন্য কোনো কোচ হলে হয়তো তাঁকে শুরুতেই বাদ দিয়ে দিতেন।
ব্যালন ডি’অর ও সুপার ব্যালন ডি’অর নিয়েও নিজের মতামত জানিয়েছেন রোমেরো। তাঁর মতে, পুরস্কার নির্বাচনে এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিপণন ও জনপ্রিয়তার প্রভাব রয়েছে। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেশি থাকলে পুরস্কার পাওয়ার সম্ভাবনাও বাড়ে এমন মন্তব্য করে তিনি বর্তমান প্রক্রিয়ার সমালোচনা করেন।
মেসির শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দিয়ে রোমেরো বলেন, মাঠে মেসির প্রভাব অন্য কারও মধ্যে তিনি দেখেননি। চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জিতলেই পুরস্কার পাওয়া উচিত এমন ধারণার সঙ্গেও পুরোপুরি একমত নন তিনি। মেসিকে বাদ দিয়ে কাকে পুরস্কার দেওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে রোমেরো বলেন, সুযোগ থাকলে তিনি মেসিকেই বেছে নেবেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।