আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো পৃথক দুই হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের ভাষ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেলমান্দ ও কুনারের দুটি স্থানে সন্ত্রাসী আস্তানায় হামলা চালানো হয়। প্রাথমিক প্রতিবেদনে ২২ ‘সন্ত্রাসী’ নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
তবে পাকিস্তানের এ দাবির সঙ্গে আফগানিস্তানের তালেবান সরকারের দেওয়া তথ্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। বুধবার রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তার দাবি, হামলায় হেলমান্দ ও কুনার প্রদেশের তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে এটিকে আগ্রাসন ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানে আশ্রয় পাওয়া সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতাকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করেছে।
সাম্প্রতিক হামলায় হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানের দেওয়া পরস্পরবিরোধী তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।