লিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে তিন কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে একটি বিমান সংস্থা। বিমান নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া অভিনেত্রীর মন্তব্যে সংস্থার সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে-এমন অভিযোগ তুলে গান্ধীনগরের আদালতে মামলাটি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় ‘ডিউনস অ্যাভিয়েশন’-এর একটি চার্টার্ড বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। ওই যাত্রার সময় বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। সেসব ভিডিওতে বিমানটি নিয়ে কিছু মন্তব্যও করেন অভিনেত্রী।
বিমান সংস্থাটির অভিযোগ, নোরা ফাতেহি তাঁর পোস্টে বিমানটিকে ‘মিনিয়েচার’, ‘টয়’ এবং ‘লেগো এয়ারপ্লেন’-এর মতো শব্দ ব্যবহার করে বর্ণনা করেছিলেন। অভিনেত্রীর বিপুলসংখ্যক সামাজিক মাধ্যম অনুসরণকারী থাকায় তাঁর মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা সংস্থার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে বলে দাবি করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’।
মামলায় সংস্থাটি আরও অভিযোগ করেছে, নোরা ফাতেহির মন্তব্য ছিল ‘দায়িত্বজ্ঞানহীন’। তাদের দাবি, যথাযথ প্রযুক্তিগত জ্ঞান, তথ্য যাচাই কিংবা বাস্তব ভিত্তি ছাড়াই বিমান সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে। এ ধরনের বক্তব্যের পর তাদের ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়েছে বলে আদালতের কাছে দাবি করেছে বিমান সংস্থাটি।
‘ডিউনস অ্যাভিয়েশন’-এর দাবি, বিতর্কের পর তাদের বিমানের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে। একই সঙ্গে বাতিলের সংখ্যাও বেড়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম এবং বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বিমানটির সক্ষমতা ও নিরাপত্তা নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি। তাদের বক্তব্য, নোরা ফাতেহি যে বিমানটিতে ভ্রমণ করেছিলেন, সেটি কোনো অস্বাভাবিক ছোট বিমান নয়। নির্দিষ্ট যাত্রার জন্য এটি যথাযথ মাপের একটি ‘স্ট্যান্ডার্ড’ বিমান। পাশাপাশি বিমানটি ডিজিসিএ অনুমোদিত এবং উড্ডয়নের উপযোগী ছিল বলেও দাবি করেছে ‘ডিউনস অ্যাভিয়েশন’।
মামলায় নোরা ফাতেহির কাছে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছে বিমান সংস্থাটি। শুধু ক্ষতিপূরণ নয়, বিমানটি নিয়ে অভিনেত্রীর করা বিতর্কিত মন্তব্যসহ সামাজিক মাধ্যমের পোস্ট এবং অনলাইনে থাকা সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে আদালতে।
তবে ‘ডিউনস অ্যাভিয়েশন’-এর এসব অভিযোগ ও মামলার বিষয়ে এখনো নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে সামাজিক মাধ্যমে করা মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই আইনি বিরোধে অভিনেত্রীর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর থাকবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।