অবৈধ অভিবাসন ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বৈধ উপায়ে কর্মী পাঠানোর বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মে জড়িত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে মন্ত্রী জানান, বৈধ অভিবাসনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা ও সাংবাদিকদের অংশগ্রহণে শিগগিরই একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে। এর মাধ্যমে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং অনিয়ম এড়িয়ে চলার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ অভিবাসন ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত কয়েকটি রিক্রুটিং এজেন্সির অফিস ইতোমধ্যে সিলগালা করা হয়েছে। পাশাপাশি আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্য নিয়েও আলোচনা করেন তিনি।
রাষ্ট্রদূত বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাঠায় এমন রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তিনি নৈতিক অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে কর্মী পাঠানো উৎসাহিত করা এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে পারেন, সে লক্ষ্যে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে ইইউ। পাশাপাশি বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশন আনয়ন এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে ইইউর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৈঠকে শ্রম আইন সংস্কারের বিভিন্ন বিষয়ও গুরুত্ব পায়। ট্রেড ইউনিয়ন বা দল গঠনের স্বাধীনতা, ইপিজেড আইনের সঙ্গে সাধারণ শ্রম আইনের সামঞ্জস্য, শিশুশ্রম নির্মূল এবং নিয়মিত কারখানা পরিদর্শনের ওপর গুরুত্ব দেন ইইউ রাষ্ট্রদূত।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য একাধিক পরিদর্শক কমিটিও গঠন করা হয়েছে।
তিনি ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমের বিষয়টি তুলে ধরে অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ইইউকে বিভিন্ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ (RAISE)’ প্রকল্পের কার্যক্রমও সচল রয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, রিক্রুটিং এজেন্সির কার্যক্রমে নজরদারি এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনসহ শ্রম ও অভিবাসন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।