ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিরা অনুপ্রবেশের সুযোগের অপেক্ষায় ওৎ পেতে বসে আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিএসএফ সামান্য সময়ের জন্য চোখের আড়াল হলেই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে তারা।
ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্টটি পরীক্ষা করেছি যেখান থেকে দূরবীন ব্যবহার করে এলাকাটি স্ক্যান করেছি এবং বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। তারা ওৎ পেতে বসে আছে, বিএসএফ ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেই সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে।’
বিএসএফ ও পুলিশের যৌথ প্রচেষ্টার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা সম্পূর্ণ নিখুঁত করা হবে।’
শুভেন্দুর বক্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। তিনি আরও বলেন, ‘তাদের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক জিনিস, কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া উচিত।’
২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায়ও বিজেপি সরকার থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে উল্লেখ করে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তবে এটি কার ব্যর্থতা? কেবল পশ্চিমবঙ্গকে দোষ দেওয়া কি ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব তুলে ধরে কুণাল ঘোষ আরও বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। তাঁর ভাষায়, ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে সফর করেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন শেষে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।