পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা শুরু করেছে আনসার-ভিডিপি। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও প্রতিমা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করছেন বাহিনীর সদস্যরা।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা এসব কার্যক্রম পরিচালনা করছেন।

মাঠপর্যায়ের পরিদর্শন ও মতবিনিময়ে প্রতিমার নিরাপত্তা, পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদযাপন কমিটি ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হচ্ছে।

এ সময় পূজামণ্ডপে প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা এবং অগ্নিনিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

পূজাকালীন দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও পূজা উদযাপন কমিটিগুলোকে অনুরোধ করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপির সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে বাহিনীর আগাম প্রস্তুতি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত রয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।