পায়ে জুতা ছিল না, পেটে খাবার জুটত না-সেই দিওমান্দে এখন রিয়াল মাদ্রিদের তারকা

একসময় ফুটবল খেলার জুতা ছিল না। বল কেনার সামর্থ্যও ছিল না। পুরোনো কাপড়, ছেঁড়া মোজা কিংবা ন্যাকড়া পেঁচিয়ে বানানো বল নিয়েই চলত খেলা। আইভরিকোস্টের আবিদজানের দরিদ্র মহল্লা সিকোজিতে এভাবেই শৈশব কেটেছে ইয়ান দিওমান্দের। সেই ছেলেই এখন ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার।

দিওমান্দের বেড়ে ওঠা ছিল অভাব-অনটনের মধ্যে। কাজের সন্ধানে তাঁর বাবা ফ্রান্সে চলে যাওয়ায় মা ও বোন রোকসানের সঙ্গে থাকতে হতো তাঁকে। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও ফুটবল ছিল তাঁর আনন্দের জায়গা। ছোটবেলা থেকেই ড্রিবলিং ও জোরালো শটের জন্য পরিচিত ছিলেন তিনি। পাড়ার লোকজন তাঁকে ডাকত ‘রবার্তো কার্লোস’ নামে।

একদিন রাস্তার ফুটবল খেলতে গিয়ে নজরে পড়েন দেজ বাম্বা নামের এক ব্যবসায়ী ও প্রতিভা অন্বেষকের। তাঁর উদ্যোগে ২০১৪ সালে মাত্র ১০ বছর বয়সে আবিদজান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আসুবায় এএফআই সুদ কোমোয়ে একাডেমিতে যোগ দেন দিওমান্দে। সেখানে ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি পড়াশোনা ও নিয়মিত খাবারের সুযোগ পান তিনি।

একাডেমির স্প্যানিশ কোচ হোসে হুলিয়ান লোপেস শুরুতেই তাঁর প্রতিভা বুঝতে পেরেছিলেন। বয়সের তুলনায় অনেক বেশি দক্ষ হওয়ায় তাঁকে অনূর্ধ্ব-১২ দল থেকে সরাসরি অনূর্ধ্ব-১৪ দলে তুলে নেওয়া হয়। তবে বল পায়ে পেলেই একা এগিয়ে যাওয়ার প্রবণতা ছিল তাঁর। কখন ড্রিবলিং করতে হবে, কখন সতীর্থকে পাস দিতে হবে এসব শেখাতে হয়েছিল কোচকে।

ধীরে ধীরে নিজের খেলার ধরনেও পরিবর্তন আনেন দিওমান্দে। মাঠের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন ভালো। একাডেমিতে প্রথম ফুটবল বুট পাওয়ার পর তাঁর পারফরম্যান্স আরও উন্নত হয়। পরবর্তী সময়ে দুই উইংয়েই খেলার দক্ষতা, গতি ও গোল করার সামর্থ্য তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

ইউরোপে যাওয়ার পথ অবশ্য সহজ ছিল না। বয়স ১৮ হওয়ার আগে ইউরোপে খেলতে যাওয়ার ক্ষেত্রে ফিফার নিয়ম বাধা হয়ে দাঁড়ায়। এ কারণে তাঁকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যেতে হয়েছিল। পরে ধাপে ধাপে পেশাদার ফুটবলে নিজের জায়গা তৈরি করেন তিনি।

সর্বশেষ দলবদল মৌসুমে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে দিওমান্দেকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলবদলের অঙ্ক ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ ইউরো, সঙ্গে অতিরিক্ত অর্থ পাওয়ার শর্তও ছিল। এই চুক্তির মধ্য দিয়ে তিনি আফ্রিকার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পরিচিতি পান।

রিয়ালের জার্সিতে শুরুটা খুব দ্রুত হয়নি। তবে সময়ের সঙ্গে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেন তিনি। ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেন। পরে সেভিয়ার বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেন। চ্যাম্পিয়নস লিগে সাবেক ক্লাব লাইপজিগের বিপক্ষেও গোলের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করান।

দিওমান্দের সাফল্যে উচ্ছ্বসিত তাঁর জন্মভূমি আইভরিকোস্টের মানুষ। দেশটির অনেকের কাছে তিনি এখন দিদিয়ের দ্রগবা ও ইয়াইয়া তোরের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিচ্ছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তাঁর এই উত্থান দেশের তরুণ ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা।

খ্যাতি ও সাফল্যের মধ্যেও নিজের শিকড় ভুলে যাননি দিওমান্দে। পরিবার ও ঘনিষ্ঠজনদের আর্থিকভাবে সহায়তা করার পাশাপাশি পুরোনো মহল্লার মানুষের কাছেও অর্থ পাঠান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর ফুটবলার হয়ে ওঠার পেছনে বড় অনুপ্রেরণা ছিলেন বোন রোকসান, যিনি এখন আর বেঁচে নেই।

যে একাডেমিতে একসময় শিশুদের কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল প্রতিদিন পেট ভরে খাবার পাওয়া, সেই একাডেমিরই একজন আজ রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতাচ্ছেন। দারিদ্র্য, সংগ্রাম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে দিওমান্দের এই পথচলা এখন অনেক তরুণের কাছে স্বপ্ন পূরণের অনুপ্রেরণা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।