পর্যটকদের জন্য নিষিদ্ধ বান্দরবান: ভ্রমণ স্থগিত ১০ জুলাই পর্যন্ত

পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য দুঃসংবাদ। সাম্প্রতিক সময়ে পার্বত্য জেলাটিতে অব্যাহত ভারী বর্ষণের ফলে সৃষ্ট প্রাকৃতিক ঝুঁকি ও জননিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।


সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই জরুরি নির্দেশনাটি প্রকাশ করা হয়। জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের স্বাক্ষর করা ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টানা বর্ষণের কারণে জেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১০ জুলাই ২০২৬ তারিখ (শুক্রবার) পর্যন্ত বান্দরবান জেলার সমস্ত পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম অঞ্চল এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক ও ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সময়সীমার মধ্যে পর্যটকদের এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে প্রশাসন।


পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদেরও এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে বলেও জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনাবলী অক্ষরে অক্ষরে পালন করার ওপর জোর দেওয়া হয়েছে।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।