নিউমার্কেটের সামনে ৯ কোটির ‘স্মার্ট’ ফুটওভার ব্রিজ উদ্বোধন: যাতায়াতে যুক্ত হলো চলন্ত সিঁড়ি

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউমার্কেটে যাতায়াতকারী হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এক আধুনিক ও দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ উন্মোচন করা হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নবনির্মিত ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। মিরপুর রোড করিডোরের এই গুরুত্বপূর্ণ অংশে আধুনিকায়নের ছোঁয়া দিতেই এই বড় প্রকল্প বাস্তবায়ন করেছে ডিএসসিসি।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সরাসরি তত্ত্বাবধানে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)’-এর নিপুণ নির্মাণশৈলীতে এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ২৫৫৮.৫৯ টাকা। ৪২ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত এই ফুটওভার ব্রিজটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং স্থাপত্যশৈলীর দিক থেকেও নজরকাড়া। বিশেষ করে বয়স্ক নাগরিক ও শিশুদের যাতায়াত নির্বিঘ্ন করতে এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক চলন্ত সিঁড়ি বা ‘এস্কেলেটর’ সুবিধা। উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির বর্তমান ফুটওভার ব্রিজগুলোর মধ্যে কেবল এই ব্রিজটিতেই এমন আধুনিক এস্কেলেটর সুবিধা বিদ্যমান রয়েছে।


প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এস্কেলেটরের পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে ব্রিজের দুই পাশে ৭ ফুট প্রশস্ত সাধারণ সিঁড়িও রাখা হয়েছে। ক্রেতা ও সাধারণ পথচারীদের সুবিধার কথা চিন্তা করে ব্রিজের পূর্ব প্রান্তকে ‘নূর ম্যানশন’ এবং পশ্চিম প্রান্তকে সরাসরি ‘নিউ সুপার মার্কেট’-এর সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া রাতের বেলা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে ব্রিজটিতে স্থাপন করা হয়েছে শক্তিশালী ও আধুনিক লাইটিং ব্যবস্থা।


উদ্বোধনী ভাষণে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “নিউমার্কেট এলাকাটি ৩১টি ছোট-বড় মার্কেট পরিবেষ্টিত হওয়ায় এটি রাজধানীর অন্যতম জনাকীর্ণ স্থান। প্রতিদিন এখানে লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল যাতায়াত ব্যবস্থা সুশৃঙ্খল করতেই ৯ কোটি টাকার অধিক ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে।” এসময় তিনি জনস্বার্থে নির্মিত এই স্থাপনা রক্ষণাবেক্ষণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বসতে দেওয়া হবে না। যদি কেউ দোকান বসানোর চেষ্টা করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”


এই আধুনিক ফুটওভার ব্রিজটি চালু হওয়ার ফলে নিউমার্কেট এলাকার যানজট নিরসনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা হ্রাসেও তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ নগরবাসী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।