নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আনা হচ্ছে। গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার জন্য চারটি নতুন ধাপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনার পর সচিব কমিটি কিছুটা সংশোধন করেছে। এরপর নতুন বাড়িভাড়া ভাতার হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।
সচিব কমিটির সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলে মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হলে সরকারি আবাসনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করেছিল জাতীয় বেতন কমিশন। পরে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা পরিবর্তন আনে সচিব কমিটি।
সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে গ্রেড ও এলাকা অনুযায়ী বাড়িভাড়া ভাতার হার হবে-
১৬তম থেকে ২০তম গ্রেড
এই গ্রেডের সরকারি কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ।
এই বড় শহরগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার।
দেশের অন্যান্য এলাকায় এই গ্রেডের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা হবে মূল বেতনের ৪৫ শতাংশ।
১০ম থেকে ১৫তম গ্রেড
১০ম থেকে ১৫তম গ্রেডের কর্মচারীরা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। অন্যান্য বড় শহরে এই হার হবে ৪০ শতাংশ।
দেশের অন্যান্য এলাকায় এই গ্রেডের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ৩৫ শতাংশ হারে।
৫ম থেকে ৯ম গ্রেড
৫ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ৪৫ শতাংশ।
অন্যান্য বড় শহরে তারা পাবেন মূল বেতনের ৩৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা। আর দেশের অন্যান্য এলাকায় এই হার হবে ৩০ শতাংশ।
১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব
১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।
অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় এই হার হবে ৩০ শতাংশ। দেশের বাকি এলাকায় বাড়িভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের ২৫ শতাংশ হারে।
এর আগে গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন দেওয়া হয়। নতুন কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে।
নতুন পে স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১২তম থেকে ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
নতুন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। আর ১ম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। তবে বর্ধিত বেতনের আর্থিক সুবিধা একবারে দেওয়া হবে না। তিন ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর হবে এবং পরবর্তী দুই ধাপে অবশিষ্ট অংশ সমন্বয় করা হবে।
অন্যদিকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে নতুন পে স্কেলে মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতার পরিবর্তনও সরকারি কর্মচারীদের মোট আর্থিক সুবিধায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।