বাংলাদেশে সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশের আপামর জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছে দেশটি। দুই দেশের সমৃদ্ধি, উন্নয়ন এবং নিরাপত্তার অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জোরালো প্রত্যয় ব্যক্ত করেছে ওয়াশিংটন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই অভিনন্দন বার্তা পাঠায় ঢাকার মার্কিন দূতাবাস। বিবৃতিতে উল্লেখ করা হয়, অত্যন্ত সুশৃঙ্খল ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণেরই বহিঃপ্রকাশ। এই গৌরবোজ্জ্বল মুহূর্তে বিজয়ী দল বিএনপি এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানের প্রতি অভিনন্দন জ্ঞাপন করে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের যে দ্বিপাক্ষিক অংশীদারত্ব বা ‘পার্টনারশিপ’ বিদ্যমান, তা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপত্তা ইস্যুগুলোতে দুই দেশ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে ওই ‘স্টেটমেন্ট’-এ।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এখন সরকার গঠনের চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছিলেন তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের মাত্র ৬ দিনের মাথায় তিনি তাঁর প্রিয় মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারান। শোকাতুর হৃদয়ে মায়ের বিয়োগব্যথা নিয়েও তিনি দমে যাননি, বরং অসাধারণ ধৈর্য ও নেতৃত্বের পরিচয় দিয়ে দলকে অভাবনীয় সাফল্যের দিকে নিয়ে গেছেন। দীর্ঘ প্রায় দুই দশকের লড়াই শেষে অবশেষে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার পথে হাঁটছেন বিএনপি চেয়ারম্যান।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।