দেশে বাড়ল জ্বালানি তেলের দাম, বিশ্ববাজারে পতন

দেশে জ্বালানি তেলের দাম বাড়ার দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমে এসেছে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। তবে সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে।

হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটায় আরামকো ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে দেশটি। জেপি মরগানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগস্টে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল।

কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার খবরে আপাতত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এখনো জ্বালানি বাজারে রয়েছে।

এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর কার্যকর হয়েছে।

ফলে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে একই সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। তবে আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার পাশাপাশি যুদ্ধ, সরবরাহ ব্যবস্থা, পরিবহন ব্যয় ও ভূরাজনৈতিক পরিস্থিতিও জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।