দেশের ক্রিকেট প্রশাসনে এক বিশাল পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ববর্তী পরিচালনা পর্ষদ ভেঙে যাওয়ার পর, গত মঙ্গলবার বিসিবির দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক দেশসেরা অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গঠিত ১১ সদস্যের এই শক্তিশালী ‘অ্যাডহক’ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের জন্য অভাবনীয় এক সুখবর নিয়ে এসেছেন তিনি। ক্রিকেটারদের আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষে ঘরোয়া ক্রিকেটের নারী ও পুরুষ—উভয় বিভাগের বেতন ও ম্যাচ ফি একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর গত মঙ্গল ও বুধবার টানা দুদিন ম্যারাথন বৈঠক করেছে বিসিবির নতুন এই কমিটি। বুধবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কমিটির দায়িত্ব বণ্টন ও নীতিগত সিদ্ধান্তের কথা জানান স্বয়ং তামিম ইকবাল। তিনি স্পষ্ট করেন যে, জাতীয় দলের বাইরের সেই সব ক্রিকেটার, যারা ঘরোয়া ক্রিকেটে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের মূল্যায়ন করাই এই নতুন কমিটির প্রধান লক্ষ্য।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী ক্রিকেটারদের ম্যাচ ফি-তে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতদিন ঘরোয়া টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য নারী ক্রিকেটাররা মাত্র ৫ হাজার টাকা পেতেন। এখন থেকে টি-টোয়েন্টিতে ১০ হাজার এবং এক দিনের ম্যাচের জন্য ১৫ হাজার টাকা পাবেন তাঁরা। এছাড়া দীর্ঘ পরিসরের চার দিনের ম্যাচের ফি ৮ হাজার টাকা থেকে একলাফে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতনও ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
সুখবর এসেছে পুরুষ ক্রিকেটারদের জন্যও। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে তিন ক্যাটাগরিতে মোট ৯৫ জন ক্রিকেটার বিসিবির চুক্তিতে রয়েছেন। নতুন ‘বাজেট’ অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন ৩৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬৫ হাজার টাকা করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরির বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। শুধু মাসিক বেতনই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে সরাসরি ১ লাখ টাকা করার ঘোষণা দিয়েছেন তামিম।
ক্রিকেটারদের জন্য আরও আনন্দের বিষয় হলো, এই নতুন বেতন কাঠামো গতকাল অনুমোদন পেলেও এর সুবিধা ক্রিকেটাররা চলতি বছরের ১ জানুয়ারি থেকেই পাবেন। অর্থাৎ, বকেয়া বেতনসহ বর্ধিত এই অর্থ কার্যকর হবে চলতি বছরের শুরু থেকেই। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির এই ‘প্রফেশনাল’ ও ত্বরিত সিদ্ধান্ত দেশের ক্রিকেট অঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের ফলে দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে ঘরোয়া লিগের ক্রিকেটাররা আরও বেশি অনুপ্রাণিত হবেন, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলের শক্তি বৃদ্ধি করবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।