সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৮ অক্টোবর) তাঁকে মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দুই বাংলাদেশির শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছে বাংলাদেশ সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানায়নি সৌদি আরব। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটিকে বাংলাদেশের জন্য ‘একটি বড় শিক্ষা’ বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তা অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক বা ‘ব্যভিচার’ সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই দুই প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। দেশটির আইন অনুযায়ী আদালত তাঁদের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে জানানো হয়েছে।
তবে বাংলাদেশ সরকার এখনো এ-সংক্রান্ত আনুষ্ঠানিক নথিপত্র পায়নি। এ কারণে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের কাছ থেকে জবাব পাওয়ার পর নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, গত বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।