দুই গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের জয়খরা কাটাল ম্যানইউ

দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোমার বিপক্ষে ৩-২ গোলের এই জয়ে অবশেষে দীর্ঘ নয় ম্যাচের জয়খরা কাটিয়েছে মাইকেল ক্যারিকের দল। একসময় ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা ইউনাইটেড শেষ সাত মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে।

ম্যাচের শুরুটা ছিল ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের মতো। প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে তারা। এতে স্বাগতিক সমর্থকদের ক্ষোভও বেড়ে যায়।

ম্যাচের ১১ মিনিটে মাতিয়াস সুলের গোলে এগিয়ে যায় রোমা। রদ্রিগো মোরার পাস থেকে বল পেয়ে ফাঁকা জায়গা কাজে লাগিয়ে সেনে লামেন্সকে পরাস্ত করেন তিনি। কিছুক্ষণ পর ইউনাইটেডের বাঁ প্রান্ত দিয়ে আবারও আক্রমণ করে রোমা। সুলের শট আয়দেন হেভেনের প্রসারিত হাতে লাগলে পেনাল্টি পায় রোমা। স্পটকিক থেকে ব্যবধান ২-০ করেন ডোনিয়েল মালেন।

প্রথমার্ধের মাঝামাঝি সমর্থকদের প্রতিবাদে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। তাঁরা মাঠে টেনিস বল ছুড়ে মারেন এবং ক্লাবের মালিকানা নিয়ে স্লোগান দেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লেজার পরিবারের মালিকানা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্লাব বিক্রির দাবিও জানান সমর্থকেরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি ধাক্কা খায় ইউনাইটেড। প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডে দলে আসা কার্লোস বালেবা রোমার বক্সে ঢোকার পর হঠাৎ থেমে যান। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।

এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইউনাইটেড। রোমার জিয়ানলুকা মানচিনির সঙ্গে মাথিউস কুনিয়ার সামান্য সংস্পর্শের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ব্রুনো ফার্নান্দেসের প্রথম শট ঠেকিয়ে দেন রোমার তৃতীয় পছন্দের গোলরক্ষক দেভিস বাসকেস। তবে রোমার খেলোয়াড়েরা আগেই পেনাল্টি বক্সে ঢুকে পড়ায় শটটি আবার নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার আর ভুল করেননি ইউনাইটেড অধিনায়ক। তাঁর গোলে ব্যবধান কমে হয় ২-১।

কিছুক্ষণ পর ব্রায়ান এমবেউমো কুনিয়ার পাস থেকে শট নেন। বল দুই পোস্টের ভেতরের অংশে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় রোমা।

ম্যাচের শেষ সাত মিনিটে নাটকীয়ভাবে ঘুরে যায় পরিস্থিতি। রোমার লেওনার্দো বালের্দি বল ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হলে সুযোগ পেয়ে যান কুনিয়া। সহজ ট্যাপ-ইনে গোল করে ইউনাইটেডকে ২-২ সমতায় ফেরান তিনি।

এর তিন মিনিট পর আবারও গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। কাছের পোস্ট দিয়ে গোলরক্ষক বাসকেসকে পরাস্ত করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন কুনিয়া। গোলের পর সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করতে গিয়ে হলুদ কার্ডও দেখেন তিনি।

ইনজুরি সময়ে বিপজ্জনক ট্যাকলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কুনিয়াকে। ফলে শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। তবে বাকি সময় গোল হজম না করে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যারিকের দল।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।