অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান এবং গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিরুদ্ধে বরখাস্তের আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম মেহেদী হাসান ডিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। পরে তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।
এ ঘটনায় পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৯ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। একই সঙ্গে তাকে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্ধারিত সময় পার হলেও মেহেদী হাসান আত্মপক্ষ সমর্থনে কোনো জবাব দেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও আবেদন করেননি। অভিযোগের গুরুত্ব এবং তা প্রমাণিত হলে গুরুদণ্ড দেওয়ার সম্ভাবনা বিবেচনায় ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধে বিধি অনুসারে ‘পলায়ন’-এর অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে চলতি বছরের ৪ জুন তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সেটিরও জবাব দেননি।
এরপর তাকে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হলে কমিশনও তাকে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দেয়। পরবর্তীতে ‘পলায়ন’-এর অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এস এম মেহেদী হাসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে, গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এ কর্মরত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীর বিরুদ্ধেও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে একই ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে চিকিৎসক তাকে দুই মাসের বিশ্রামের পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রাম শেষে ২০২৫ সালের ১১ এপ্রিল তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেননি।
তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। কর্মস্থলে হাজির হওয়ার জন্য তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় একাধিকবার নোটিশ পাঠানো হলেও তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে কর্মস্থল ত্যাগ করে অদ্যাবধি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন।
কর্তৃপক্ষের মতে, এ ধরনের অনুপস্থিতি সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলার পাশাপাশি ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর আওতাভুক্ত এবং শাস্তিযোগ্য অপরাধ। এ অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ অধিদপ্তর থেকে পত্র পাঠানো হয় এবং বিধি অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে রহমত উল্লাহ চৌধুরীও কোনো জবাব দেননি। সময় বাড়ানোর জন্যও আবেদন করেননি। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হলে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।
এর পর তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সেটিরও জবাব দেননি। ফলে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত বহাল রাখা হয়। পরবর্তীতে সরকারি কর্মকমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশন তাকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’সূচক গুরুদণ্ড দেওয়ার পক্ষে মত দেয়।
বিধি অনুসারে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. রহমত উল্লাহ চৌধুরীকে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।