তিন কর্মসূচিতে আজ সিলেটে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট মহানগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির নিরাপত্তায় সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতির সফরকে সামনে রেখে সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন স্থাপনা এবং মাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কারকাজও এগিয়ে নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

নাগরিক সংবর্ধনা শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। তাঁর এই প্রথম সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।