‘তাহসিফ ভিডিও না করলে অজানা থাকত শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা’: রাষ্ট্রপক্ষের আইনজীবী

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সঙ্গে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি ভিডিওটি ধারণ না করলে শেখ হাসিনা কীভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।

পিপি আরও বলেন, ওই ভিডিও প্রকাশের জেরে কোনো ষড়যন্ত্রমূলক প্রতিহিংসার শিকার হয়ে তাহসিফকে হত্যা করা হয়েছে কি না, নাকি এর পেছনে প্রেমঘটিত কোনো কারণ রয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, তাহসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগের রাতে তিনি এ মামলার দুই আসামি দিশা ও দ্বীপের সঙ্গে ছিলেন। ওই রাতে দিশাকে নিয়ে তাহসিফ ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’ ও ‘সিপি ফাইভ স্টার’ রেস্তোরাঁয় যান এবং একসঙ্গে সময় কাটান। হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের পর প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল।

আসামি এখনো অনেক তথ্য গোপন করছেন দাবি করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে দিশাকে আরও সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান পিপি।

অন্যদিকে, আসামির পক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আইনজীবী ইমাম হোসেন জাবেদ। তিনি আদালতে দাবি করেন, তাহসিফ ও দিশা পূর্বপরিচিত ছিলেন। ঘটনার দিন রাতে রেস্তোরাঁয় সময় কাটানোর পর রাত ১২টার দিকে তাহসিফ নিজেই দিশাকে নিরাপদে বাসায় পৌঁছে দেন। তাঁদের মধ্যে কোনো বিরোধ বা সম্পর্কের টানাপোড়েন থাকলে তাহসিফ নিজে তাঁকে বাসায় পৌঁছে দিতেন না বলে যুক্তি দেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, মামলার এজাহার অনুযায়ী, রাত ১টার দিকে তাহসিফকে ফোন করে বাসায় ফেরার তাগিদ দেওয়া হলে তিনি আধা ঘণ্টার মধ্যে ফিরবেন বলে পরিবারকে জানিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে একসঙ্গে দেখা যাওয়ার বাইরে রাত ১২টার পর দিশার সঙ্গে তাহসিফের আর কোনো যোগাযোগের প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিশার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ অক্টোবর রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই রিমান্ডের মেয়াদ শেষে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে আদালতে হাজির করেন। একই সঙ্গে নতুন করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করে আলোচনায় আসেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় ঘনিষ্ঠ ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের ডাকে সাড়া দিয়ে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

হত্যাকাণ্ডের পর আটক হওয়া দ্বীপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেন, রেস্তোরাঁয় রাতের খাবার শেষে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে যায়। তবে পরে দ্বীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার বিষয়টিও পরে স্বীকার করেন দ্বীপ।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।