মে মাসের তপ্ত দুপুরে প্রকৃতির রুদ্রমূর্তি প্রত্যক্ষ করতে পারে দেশবাসী। রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়েছে। প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, যেসব জেলার ওপর দিয়ে এই আবহাওয়া বয়ে যেতে পারে সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
নদীবেষ্টিত এই জেলাগুলোর নৌপথকে নিরাপদ রাখতে কর্তৃপক্ষ ০১ (এক) নম্বর সতর্কসংকেত (পুনঃ) প্রদর্শনের নির্দেশ দিয়েছে। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রাক-বর্ষার এই সময়ে বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে হুটহাট কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হয়। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা থাকার পাশাপাশি দেশের কোনো কোনো অঞ্চলে গুমোট ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস হিসেবেই দেখা দিচ্ছে। যাত্রীসাধারণ ও নৌযান শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকেও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। এই সময় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে খোলা জায়গা এড়িয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদগণ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।