যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে দেশটি ফ্রান্সের মতো সহিংস পরিস্থিতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ অক্টোবর) কানসাস অঙ্গরাজ্যের পার্ক সিটিতে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ফ্রান্সের সাম্প্রতিক সহিংস বিক্ষোভের প্রসঙ্গ তুলে ট্রাম্প দাবি করেন, রিপাবলিকানরা জয়ী না হলে একই ধরনের পরিস্থিতি যুক্তরাষ্ট্রেও তৈরি হতে পারে। ফ্রান্সের আগুনে পুড়তে থাকা গির্জার চূড়া ও দাবানলের উদাহরণ টেনে তিনি বলেন, চরমপন্থী ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রকে একই পরিণতির দিকে নিয়ে যেতে চায়।
রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে জয়ী করতে কানসাস সফর করেন ট্রাম্প। ইরান যুদ্ধ এবং মূল্যবৃদ্ধি নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে মার্শাল নির্বাচনী চ্যালেঞ্জের মুখে রয়েছেন। কানসাসে গত ৯৪ বছরে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি। তবে এবার প্রথম মেয়াদের সিনেটর মার্শালকে ডেমোক্র্যাটিক প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।
এদিকে, রয়টার্স-ইপসোসের জনমত জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনসমর্থন কমে ৩১ শতাংশে নেমে এসেছে, যা তাঁর সর্বনিম্ন পর্যায়। এমন পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণার মঞ্চে ডেমোক্র্যাটদের সমালোচনার পাশাপাশি অভিবাসনবিরোধী ও মুসলিমবিরোধী মন্তব্যও পুনর্ব্যক্ত করেন তিনি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।