জ্যাকি চ্যানের মৃত্যু গুজব, সম্পত্তি যাবে দানে

হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৭১ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর দাবি করে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। তবে খবরটি ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে। জ্যাকি চ্যান জীবিত ও সুস্থ আছেন।

ভাইরাল হওয়া পোস্টে জ্যাকি চ্যানের একটি সাদা-কালো ছবি ব্যবহার করা হয়। ছবির পাশে তার নামের সঙ্গে ‘১৯৫৪-২০২৬’ লেখা ছিল। এ কারণেই অনেকে পোস্টটিকে সত্যি বলে ধরে নেন। পরে ভক্তদের একাংশ বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুললে জ্যাকির টিম এ নিয়ে সতর্ক হয় এবং মৃত্যুর খবরটি গুজব বলে জানায়।

মৃত্যুর গুজবের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে তার পুরোনো সিদ্ধান্ত। বিভিন্ন সূত্রে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এত বিপুল সম্পদের পুরোটা একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য রেখে যেতে চান না এই অভিনেতা।

জ্যাকি চ্যান আগেই জানিয়েছিলেন, তার উপার্জনের বড় একটি অংশ তিনি দাতব্য কাজে ব্যয় করতে চান। ছেলেকে নিজের পায়ে দাঁড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তার বক্তব্য ছিল, ছেলে যদি নিজের জীবন ও ক্যারিয়ারে সফল হতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর নিজের দায়িত্ব নিতে না পারলে বাবার বিপুল সম্পদও তার সমস্যার সমাধান করতে পারবে না।

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার ও গায়ক হিসেবেও কাজ করেছেন জ্যাকি চ্যান। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’, ‘শাংহাই নুন’সহ অসংখ্য সিনেমায় তার অভিনয় ও অ্যাকশন দৃশ্য দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

নিজের স্টান্ট নিজেই করার জন্যও বিশ্বজুড়ে আলাদা পরিচিতি রয়েছে জ্যাকি চ্যানের। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।