গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও কথিত যুদ্ধাপরাধের ঘটনায় জার্মান সরকারের নীরবতা এবং ইসরাইলপন্থি নীতির প্রতিবাদে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন কয়েকজন অধিকারকর্মী। এ সময় সেখানে থাকা জার্মানির জাতীয় পতাকা সরিয়ে ফেলা হয়।
রোববার (৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। আনাদোলুর খবরে বলা হয়, ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠন এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনটির ভাষ্য, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার অভিযোগের বিষয়ে জার্মান রাজনীতিকদের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির সদস্য অ্যারন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ফিলিস্তিনে গণহত্যার মতো ঘটনা চলতে দেওয়া, এ বিষয়ে নীরব থাকা কিংবা সমর্থন করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিত্ব করছে না।
তিনি আরও বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে গণহত্যা সংঘটিত হলে তার প্রভাব সমগ্র মানবজাতির ওপর পড়ে। তাই মানবতাবিরোধী অপরাধ বন্ধের দায়িত্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
জার্মান জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অ্যারন। তিনি প্রশ্ন রাখেন, মানুষ যদি আবারও গণহত্যার মতো অপরাধ সংঘটিত হতে দেয়, তাহলে ‘আর কখনো নয়’ এই অঙ্গীকারের তাৎপর্য কোথায়? সরকারগুলো আন্তর্জাতিক আইন অনুসরণ না করলে সেই আইনের কার্যকারিতা কীভাবে বজায় থাকবে? একইভাবে মানবাধিকার যদি সবার জন্য সমানভাবে নিশ্চিত না হয়, তাহলে এর প্রকৃত মূল্যই বা কী?
অ্যারনের ভাষায়, ‘যখন জীবন্ত নরক বাস্তবে পরিণত হয়, তখন নাগরিক সমাজের দায়িত্ব হলো নিজেদের ভূমিকা গ্রহণ করা এবং সবার স্বাধীনতা ও জীবনের সুরক্ষায় অবস্থান নেওয়া।’
এদিকে ঘটনার পর জার্মানির বার্লিন পুলিশ ঘটনাস্থল থেকে তিন অধিকারকর্মীকে আটক করেছে। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীকের অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পর জার্মান সরকারের ইসরাইলপন্থি অবস্থান এবং ইসরাইলে অব্যাহত অস্ত্র সরবরাহের বিরুদ্ধে আরও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
এ ছাড়া ইসরাইলে সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধ এবং বার্লিনে নিজেদের কারখানা বন্ধের দাবিতে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের বিরুদ্ধেও বিক্ষোভ করার পরিকল্পনা জানিয়েছে সংগঠনটি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।