জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের মূল পর্ব জেনারেল ডিবেট মঙ্গলবার শুরু হয়েছে। অধিবেশনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ বিশ্বনেতারা নিজেদের দেশের অবস্থান তুলে ধরছেন। উদ্বোধনী দিনের অন্যতম বক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবারের সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ২ জুন ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন এবং ৮ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করেন।
মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের এবারের উচ্চপর্যায়ের সপ্তাহে যুদ্ধ ও আন্তর্জাতিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু গুরুত্ব পাচ্ছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।