জরুরি প্রয়োজনে ১০ হাজার টাকা ঋণ, লাগবে না সুদ

জরুরি আর্থিক প্রয়োজনে মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ঋণসুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকের নির্দিষ্ট অ্যাপ ব্যবহারকারীরা জরুরি কিছু পেমেন্ট পরিশোধের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত এই ঋণ নেওয়ার সুযোগ পাবেন।

তবে এই ঋণের টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে দেওয়া হবে না। বরং নির্দিষ্ট জরুরি সেবার বিল পরিশোধের সময় প্রয়োজনীয় অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যাংক কোনো সুদ নেবে না। তবে নির্ধারিত হারে মাশুল দিতে হবে।

যেসব কাজে মিলবে ঋণ

এই ঋণ ব্যবহার করে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, সন্তানের স্কুলের বেতন, হাসপাতালের বিল, ব্যাংক অ্যাকাউন্টের ডিপিএসের টাকা পরিশোধ এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেওয়ার মতো প্রয়োজন মেটানো যাবে।

যেভাবে কাজ করবে

ব্যাংকিং অ্যাপ থেকে গ্রাহক সরাসরি নগদ টাকা পাবেন না। বরং তালিকাভুক্ত জরুরি সেবার বিল পরিশোধের ক্ষেত্রে ব্যাংক নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের সুযোগ দেবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করতে হবে।

এই ঋণের মেয়াদ হতে পারে ৭ দিন, ১৫ দিন অথবা ৩০ দিন। ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী নির্ধারিত মাশুল দিতে হবে।

কত টাকা মাশুল দিতে হবে

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত কাঠামো অনুযায়ী, ৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য সর্বোচ্চ মাশুল যথাক্রমে ৩ টাকা, ৪ টাকা ও ৬ টাকা।

২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে যথাক্রমে ৫ টাকা, ৮ টাকা ও ১৫ টাকা। ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের মাশুল যথাক্রমে ৭ টাকা, ১২ টাকা ও ২০ টাকা।

১ হাজার ১ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে ১০ টাকা, ২০ টাকা ও ৩০ টাকা। ২ হাজার ১ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে তা হবে ১৫ টাকা, ৩০ টাকা ও ৫০ টাকা।

৩ হাজার ১ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে ৭, ১৫ ও ৩০ দিনের জন্য মাশুল যথাক্রমে ২০ টাকা, ৪০ টাকা ও ৭০ টাকা। ৫ হাজার ১ টাকা থেকে ৭ হাজার টাকা পর্যন্ত ঋণে মাশুল হবে ২৫ টাকা, ৫০ টাকা ও ৯০ টাকা।

আর ৭ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ৭, ১৫ ও ৩০ দিনের মাশুল যথাক্রমে ৩৫ টাকা, ৭০ টাকা ও ১৩০ টাকা।

অর্থাৎ, কোনো গ্রাহক ১০ হাজার টাকা ঋণ নিলে ৩০ দিনের জন্য তাকে সর্বোচ্চ ১৩০ টাকা মাশুল দিতে হবে। ১৫ দিনের জন্য নিলে মাশুল হবে ৭০ টাকা এবং ৭ দিনের জন্য নিলে দিতে হবে ৩৫ টাকা।

কারা পাবেন

বাংলাদেশে নির্দিষ্ট ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধার আওতায় থাকবেন। এর মধ্যে সিটি ব্যাংকের সিটিটাচ, বিকাশের আস্থা, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাসপে এবং সোনালী ব্যাংকের নিজস্ব অ্যাপের ব্যবহারকারীদের কথা উল্লেখ করা হয়েছে।

তবে অ্যাপভেদে এই সুবিধা পাওয়ার যোগ্যতা, ঋণের সীমা ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে। তাই সেবা নেওয়ার আগে সংশ্লিষ্ট অ্যাপে প্রদর্শিত শর্ত ও মাশুল দেখে নেওয়া জরুরি।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।