চট্টগ্রাম-সিলেট থেকে তুরস্কে ফ্লাইট চালুর আহ্বান

প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ চাহিদা পূরণ ও আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তার মতে, চট্টগ্রাম ও সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের মানুষের যোগাযোগও বাড়বে।

বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বিমান যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। ঢাকা-ইস্তাম্বুল রুটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়ে তুরস্কের আগ্রহকে স্বাগত জানান রশিদুজ্জামান মিল্লাত। বর্তমানে এই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর আগ্রহ জানিয়েছে তুরস্ক।

মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ আরও বাড়বে। বিমান যোগাযোগ শক্তিশালী হলে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগে নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে তুরস্কের প্রতিনিধি দলে ছিলেন দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং বাংলাদেশে টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ডিরেক্টর ইসলাম গুরে।

এ সময় বাংলাদেশ ও তুরস্কের পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। রশিদুজ্জামান মিল্লাত জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন অবকাঠামো, ব্যবস্থাপনা ও আতিথেয়তা সেবার মান উন্নয়নে তুরস্কের বিনিয়োগকারীদের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। ব্যবসা, পর্যটন ও দুই দেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন মন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।