গোপন বিয়ের গুঞ্জনে নতুন মোড়, যা বললেন জেনডায়ার স্টাইলিস্ট

জেনডায়া ও টম হলান্ডের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। প্রেম, বাগ্‌দান থেকে শুরু করে গোপনে বিয়ে দুজনকে ঘিরে নানা সময়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এবার সেই আলোচনায় নতুন মোড় এসেছে। কারণ, জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ জানিয়েছেন, জেনডায়া ও টম হলান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি।

এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার একসঙ্গে দেখা যায় জেনডায়া ও টম হলান্ডকে। দুজনের পোশাক ও উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি তাঁদের বিয়ে নিয়ে চলমান গুঞ্জনও নতুন করে আলোচনায় আসে। অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের পর এটাই হয়তো তাঁদের প্রথম বড় কোনো অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বসে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে জেনডায়া ছিলেন অন্যতম আলোচিত তারকা। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছেন তিনি। একই চরিত্রে অভিনয়ের জন্য এর আগে দুবার এমি জিতেছেন এই অভিনেত্রী।

এবারের অনুষ্ঠানে জেনডায়ার উপস্থিতিতে বাড়তি আকর্ষণ যোগ করেন টম হলান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ও ‘দ্য অডিসি’ সিনেমায় জেনডায়ার সহশিল্পী হলান্ড প্রথমবারের মতো এমির আসরে উপস্থিত হন।

কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কার ঘোষণার আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ তারকা মারচেলো হার্নান্দেজ অনুষ্ঠানে উপস্থিত তারকাদের নিয়ে মজা করছিলেন। একপর্যায়ে ক্যামেরা জেনডায়ার দিকে গেলে তাঁর ঠিক পেছনে দেখা যায় হলান্ডকে। প্রেমিকার দিকে তাকিয়ে হাসছিলেন তিনি।

হার্নান্দেজ তখন জেনডায়াকে উদ্দেশ করে মজার ছলে কথা বলেন। এমনকি জেনডায়া ও ‘স্পাইডার-ম্যান’কে নিজের বাড়িতে ডিনারের আমন্ত্রণ জানানোর কথাও বলেন।

এদিকে এমির মঞ্চে দুজনের পোশাকও ছিল নজরকাড়া। জেনডায়া পরেছিলেন কুতুর গাউন। সঙ্গে ছিল মিকিমোটোর সাউথ সি কালচার্ড পার্লের দুল। তাঁর স্টাইলিস্ট ল রোচ জানান, মুক্তোর চিরন্তন সৌন্দর্যকে আধুনিক ও তরুণভাবে উপস্থাপন করাই ছিল তাঁর ভাবনা।

টম হলান্ডের পোশাক ছিল ডিওরের। তবে অনুষ্ঠানে তাঁদের সাজসজ্জার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে ওঠে বিয়ের গুঞ্জন।

এর আগে ল রোচই দাবি করেছিলেন, জেনডায়া ও হলান্ড চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন। সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর তাঁদের ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কিন্তু এবার রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের আগের বক্তব্য থেকে সরে আসেন তিনি।

ল রোচ বলেন, তিনি আগেরবার মিথ্যা বলেছিলেন এবং জেনডায়া বিবাহিত ছিলেন না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, জেনডায়া ও টম হলান্ডের এখনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের নামে যেসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, সেগুলোও সত্য নয় বলে জানান তিনি। তবে দুজনের সম্পর্ক যে গভীর, সেটিও স্পষ্ট করেন রোচ। তাঁর ভাষায়, হলান্ড জেনডায়ার দীর্ঘদিনের সঙ্গী হলেও আনুষ্ঠানিকভাবে এখনো তাঁর স্বামী নন।

দীর্ঘদিনের প্রেম ও বাগ্‌দানের পরও তাই জেনডায়া-হলান্ডের বিয়ের অপেক্ষা এখনো শেষ হয়নি। তবে পর্দায় তাঁদের জুটি নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে আগের মতোই।

এ বছর দুজনকেই একসঙ্গে দেখা গেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায়। দুটি সিনেমাই চলতি বছরের আলোচিত ও ব্যবসাসফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

বিশেষ করে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার বক্স অফিসে ৯২ কোটি ৩০ লাখ ডলার আয় করেছে। ফলে ২০১৫ সালের ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’-এর ৯৩ কোটি ৬০ লাখ ডলারের আয় ছাড়িয়ে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার দৌড়ে রয়েছে ছবিটি।

এর মধ্যেই মার্চে ফ্যানডাঙ্গোকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনডায়া জানিয়েছিলেন, কিছু সময়ের জন্য তিনি লোকচক্ষুর আড়ালে থাকতে চান। দর্শকদের তাঁর প্রতি আগ্রহ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছিলেন, মানুষ যেন তাঁকে দেখতে ক্লান্ত হয়ে না যায়।

এমির মঞ্চে পাশাপাশি হাসিমুখে বসা জেনডায়া ও হলান্ড আবারও তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তবে স্টাইলিস্টের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার খবরটি এখনো কেবল গুঞ্জনই।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।