গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয় বলে আল-শিফা হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়েও রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পশ্চিম গাজা সিটির ঘনবসতিপূর্ণ রিমাল এলাকার আল-আসালা ভবনের ওই অ্যাপার্টমেন্টে হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। স্থানীয় সাংবাদিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন।
আল জাজিরার খান ইউনিসভিত্তিক প্রতিবেদক হানি আল-শায়ের জানান, প্রথমে যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা আগুন জ্বলতে থাকার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা সেটি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারে অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হাজারো মানুষ অস্থায়ী তাঁবু ও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ফলে আবাসিক এলাকায় হামলার পর হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।