ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই ঐতিহাসিক বিজয়কে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক নতুন যুগের সূচনা হিসেবে অভিহিত করেছেন তিনি।
তারেক রহমানের কাছে পাঠানো এক বিশেষ অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, "আপনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় আমি আনন্দিত। জনগণের এই দ্ব্যর্থহীন রায় আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।"
ড. ইউনূস তাঁর বার্তায় তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার ওপর গভীর আস্থা প্রকাশ করেন। তিনি বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনার এই মহান দায়িত্ব পালনে তারেক রহমানের গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। পত্রে তিনি বিশেষভাবে উল্লেখ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্বের কথা। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, পিতা-মাতার সেই মহান আদর্শ ও অঙ্গীকার আগামী দিনে তারেক রহমানের পথচলার পাথেয় হবে।
আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরে ড. ইউনূস বলেন, বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে এক অপার সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর থেকে শুরু করে আধুনিক ‘টেকনোলজি’ বা প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের জন্য মেধা ও প্রজ্ঞার সঠিক প্রয়োগ অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের অধীনে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী ভিত্তি পাবে।
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবশেষে ড. ইউনূস দেশ ও জাতির সেবায় তারেক রহমানের সাফল্য, ধৈর্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁর সকল উদ্যোগের সফলতা কামনা করেন।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।