বলিউড বাদশাহ শাহরুখ খান পর্দায় ফেরা মানেই ভক্ত-দর্শকদের বাড়তি উন্মাদনা। এবার নিজের বহুল প্রতীক্ষিত নতুন চলচ্চিত্র ‘কিং’-এর পোস্টার প্রকাশ্যে এনে সেই উন্মাদনার পারদ এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন এই মেগাস্টার। প্রকাশিত পোস্টারে সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক অবতারে ধরা দিয়েছেন কিং খান; যেখানে তাঁর ঠোঁটে শোভা পাচ্ছে একটি তাজা লাল গোলাপ এবং চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে এক অমোঘ তীব্র চাহনি।
পোস্টারটি প্রকাশ করে শাহরুখ খান নিজেই একটি রহস্যঘেরা বার্তা জুড়ে দিয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আজ ফির ইয়াদ আয়া ... কাতিল নেহি, আশিক হুঁ।’ যার বাংলা তর্জমা দাঁড়ায়—‘আবার মনে পড়ল ... খুনি নই, প্রেমিক আমি।’ সিনে বিশ্লেষকদের মতে, ধুন্ধুমার অ্যাকশন ঘরানার সিনেমা হওয়া সত্ত্বেও শাহরুখের এই ইঙ্গিতপূর্ণ বার্তাটি গল্পে এক গভীর ও রোমাঞ্চকর প্রেমের আবহের আভাস দিচ্ছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের এই মেগা প্রজেক্টটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হলো এর তারকাবহুল কাস্টিং। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে বলিউড তারকাদের রীতিমতো এক মিলনমেলা বসেছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও আরশাদ ওয়ারসি। বিশেষ করে, এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছেন সুহানা খান, যা নিয়ে দর্শক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
তবে ছবিটির নির্মাণকাজ মোটেও মসৃণ ছিল না। দৃশ্যধারণের সময় একাধিকবার মারাত্মক চোটের মুখে পড়েন শাহরুখ খান। শারীরিক জটিলতার কারণে মাঝপথে কাজের সূচিতে বিরতি দিতে বাধ্য হয়েছিল প্রযোজনা দল। সেই সব বাধা অতিক্রম করে অবশেষে ছবিটি পৌঁছাচ্ছে মুক্তির দ্বারপ্রান্তে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কিং’। প্রতিকূলতা পেরিয়ে আসা এই প্রজেক্ট নিয়ে শাহরুখ খান জানান, ছবির শ্বাসরুদ্ধকর অ্যাকশন, চমৎকার গান, সহ-অভিনেতাদের পারফরম্যান্স এবং সর্বোপরি নিজের নতুন লুক নিয়ে তিনি দারুণভাবে আশাবাদী।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।