সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাধারণ ছবি যে মুহূর্তের মধ্যে বিনোদন দুনিয়ায় এমন আলোড়ন সৃষ্টি করতে পারে, তা আবারও প্রমাণ করলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট্ট একটি হাতের মুঠোয় ধরা ‘প্রেগন্যান্সি কিট’-এর একটি ছবি শেয়ার করেছেন তিনি। আর এই একটি ছবির মাধ্যমেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। যদিও কোনো সরাসরি ক্যাপশন বা আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেননি এই অভিনেত্রী, তবে ভক্ত ও নেটিজেনদের বুঝতে বাকি নেই যে পাড়ুকোন-সিং পরিবারে আবারও নতুন অতিথির আগমনী বার্তা বাজছে।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। ছবিটি পোস্ট করার সাথে সাথেই বিনোদন অঙ্গনের তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে দীপিকার কমেন্ট বক্স। অভিনেত্রী পরিণীতি চোপড়া দ্রুতই মন্তব্য করেন ‘কনগ্রেটস!’, যা এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। একই ছবি স্বামী রণবীর সিং নিজের প্রোফাইলে শেয়ার করলে সেখানে কিয়ারা আদভানিসহ বলিউডের শীর্ষ তারকারা এই দম্পতিকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীর ও দীপিকা। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাঁদের ঘর আলো করে আসে প্রথম সন্তান দুয়া। বর্তমানে দুয়ার বয়স দুই বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তানের এই ইঙ্গিত ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে। ব্যক্তিগত জীবনে এই আনন্দের পাশাপাশি পেশাগত জীবনেও দীপিকা এখন বেশ আলোচনায়। সম্প্রতি ক্যারিয়ার ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শুটিংয়ের সময়সীমা প্রতিদিন সর্বোচ্চ আট ঘণ্টায় সীমাবদ্ধ রাখার দাবি তুলেছেন তিনি। এই সিদ্ধান্তের কারণে ‘কল্কি ২’-এর মতো বড় প্রজেক্ট থেকে তাঁর সরে দাঁড়ানোর গুঞ্জন উঠলেও পরবর্তীতে পরিচালক অ্যাটলির নতুন চলচ্চিত্রে তাঁর যুক্ত হওয়ার খবরে স্বস্তিতে ফিরেছেন ভক্তরা। এছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমাতেও তাঁকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দীপিকার স্বামী রণবীর সিং বর্তমানে তাঁর ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করছেন। পরিচালক আদিত্য ধরের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে ‘হামজা’ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। ক্যারিয়ারের এই অভাবনীয় সাফল্যের মাঝেই ব্যক্তিগত জীবনের এই নতুন সংযোজন এই তারকা দম্পতির জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, প্রথমবার মা হওয়ার সময় তাঁকে বেশ কিছু শারীরিক প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাই এবার বিরতি নেবেন নাকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও ক্যামেরা ফেস করবেন, সেই উত্তর জানতে উন্মুখ হয়ে আছেন দর্শকরা। আপাতত কোনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা দম্পতিকে ঘিরেই চলছে অগণিত ভক্তের উল্লাস।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া