‘কে-পপ তারকাদের প্রেম করার অনুমতি নেই’, ক্যারিয়ারের গোপন অন্ধকার নিয়ে মুখ খুললেন লিসা

 বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান মিউজিক ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর অন্যতম সদস্য লিসা তার বর্ণিল ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এক অজানা দিক উন্মোচন করেছেন। কে-পপ দুনিয়ার গ্ল্যামার আর খ্যাতির আড়ালে শিল্পীদের ব্যক্তিজীবনে যে কতটা কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে যেতে হয়, সেই সত্যই এবার সামনে এনেছেন এই থাই বংশোদ্ভূত তারকা। নিজের নতুন একক প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’-তে তিনি খোলামেলা আলোচনা করেছেন ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ও প্রেমের সম্পর্কের সীমাবদ্ধতা নিয়ে।

লিসা স্পষ্টভাবেই জানিয়েছেন, কে-পপ ইন্ডাস্ট্রিতে তারকাদের ব্যক্তিগত স্বাধীনতার সুযোগ খুবই সীমিত। প্রামাণ্যচিত্রে তিনি আক্ষেপের সুরে বলেন, ‘কে-পপ সংস্কৃতিতে আমরা চাইলেই প্রেম করতে পারি না।’ মূলত তারকাদের ইমেজ এবং ব্যান্ডের জনপ্রিয়তায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে কারণেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রেমের সম্পর্কের ওপর কঠোর নজরদারি চালানো হয়।

বর্তমানে ২৯ বছর বয়সী এই তারকার আসল নাম লালিসা মনোবাল। মাত্র ১৪ বছর বয়সে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে নামী প্রতিষ্ঠান ‘ওয়াইজি এন্টারটেইনমেন্ট’-এ প্রশিক্ষণার্থী হিসেবে তার যাত্রা শুরু হয়। লিসা সেই দিনগুলোর কথা স্মরণ করে বলেন, প্রশিক্ষণের সময়টি ছিল অত্যন্ত মানসিক চাপের। এমনকি নিজের স্বাধীন মতামত প্রকাশ করতেও তিনি ভয় পেতেন। প্রতি মাসে নিজের পারফরম্যান্সের ভিডিও তৈরি করে কঠোর কর্মকর্তাদের কাছে জমা দেওয়া ছিল বাধ্যতামূলক এক রুটিন।

ব্যক্তিজীবনের গোপন প্রেম নিয়ে লিসা আরও জানান, কয়েকবার তিনি প্রেমে পড়লেও ক্যারিয়ারের স্বার্থে প্রতিটি সম্পর্কই তাকে লোকচক্ষুর অন্তরালে রাখতে হয়েছে। তার প্রথম একক স্টুডিও অ্যালবাম ‘অল্টার ইগো’-তে জীবনের এই ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে অ্যালবামের ‘ড্রিম’ গানটির নেপথ্যে রয়েছে এক আবেগঘন গল্প। লিসা জানান, গানটি প্রকাশের আগে তিনি তার সাবেক প্রেমিকের অনুমতি নিয়েছিলেন। সেই প্রেমিক গানটি প্রকাশের সম্মতি দিলেও তার পরিচয় প্রকাশ না করার শর্ত দিয়েছিলেন, কারণ গানটি ছিল তাদের দুজনের একান্ত ব্যক্তিগত মুহূর্তের স্মারক।

এদিকে, সম্প্রতি থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা চলছে। তবে লিসা কিংবা ব্লু পংতিওয়াত—কেউই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ আগস্ট ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ একক গানের মধ্য দিয়ে ব্ল্যাকপিংকের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। ২০১৮ সালে ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপার সঙ্গে ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি তাদের বৈশ্বিক পরিচিতি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ২০২০ সালে প্রকাশিত তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘দ্য অ্যালবাম’ এবং পরবর্তীতে ‘পিঙ্ক ভেনম’-এর মতো বিশ্বজয়ী গানের মাধ্যমে জেনি, লিসা, জিসু ও রোজে—এই চার সদস্যের ব্যান্ডটি বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।