কারিনা কি ফের মা হতে চলেছেন? ভাইরাল ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

 বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন? পতৌদি পরিবারে কি আসতে চলেছে তৃতীয় কোনো উত্তরসূরি? সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের দাবি, এই জল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই।

ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কারিনার একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। এ সময় তার এক সহযোগী অভিনেত্রীর ঠিক সামনে একটি ছাতা ধরে হাঁটছিলেন। ভক্তদের একটি বড় অংশের ধারণা, কারিনা সচেতনভাবেই ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লোকানোর চেষ্টা করছেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওর কমেন্ট বক্স এবং বিভিন্ন ফ্যান পেজে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, অভিনেত্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোনো অ্যাঙ্গেল, ঢিলেঢালা পোশাক কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা স্বাস্থ্যবতী মনে হতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের বিষয়টিকে গর্ভাবস্থার প্রমাণ হিসেবে দেখার কোনো যৌক্তিকতা নেই।

উল্লেখ্য, সাইফ আলি খান ও কারিনা কাপুর দম্পতির ঘরে বর্তমানে তৈমুর ও জেহ নামে দুই পুত্রসন্তান রয়েছে। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে সপরিবারে সমুদ্রসৈকতে দীর্ঘ ছুটি কাটিয়ে সম্প্রতি মুম্বাইয়ে ফিরেছেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা কাপুর খান রসিকতার ছলে জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবারও বাবা হন—এমনটা তিনি চান না। বর্তমানে দুই সন্তান ও ক্যারিয়ার নিয়ে বেশ সুশৃঙ্খল এবং গোছানো জীবনযাপন করছেন এই পাওয়ার কাপল। তাই নতুন করে সন্তান আগমনের খবরটিকে স্রেফ ‘ইন্টারনেট গসিপ’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।