ককপিটে মারামারি, ইসরায়েলগামী ফ্লাইট স্থগিত

মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এফজেড১০৭৩’ ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন। ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে সংঘর্ষের পর উড়োজাহাজটি সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত চলাকালে ইসরায়েল থেকে ও ইসরায়েলগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংস্থাটি আরও জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আকস্মিকভাবে ফ্লাইট বন্ধ হওয়ায় যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছে ফ্লাইদুবাই।

ঘটনার পর উড়োজাহাজের অন্য ক্রুরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নেন এবং দ্রুত গতিপথ পরিবর্তন করে তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানবন্দর কর্মকর্তারা জানান, সংঘর্ষে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হন। অবতরণের পর তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজের যাত্রী ও অন্য কেবিন ক্রুরা নিরাপদ ছিলেন।

সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। মাঝআকাশে পাইলটদের মধ্যে সংঘর্ষের কারণ এবং উড়োজাহাজের নিরাপত্তাবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের জন্য ফ্লাইদুবাই একটি বিকল্প উড়োজাহাজ পাঠায়। পরে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।