ঢালিউডের রুপালি পর্দায় বহু রোমান্টিক চলচ্চিত্রে সফল জুটি হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন শাকিল খান ও সাদিকা পারভীন পপি। তবে পর্দার সেই রসায়ন বাস্তবে রূপ নিতে গিয়ে তৈরি করেছিল চরম তিক্ততা, যা আজও তাড়িয়ে বেড়ায় চিত্রনায়িকা পপিকে। ক্যারিয়ারজুড়ে সহশিল্পীদের সঙ্গে প্রেমের গুঞ্জন এড়িয়ে চললেও শাকিল খানের সঙ্গে জড়িয়ে পড়া সম্পর্কটিকে নিজের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ও অনুশোচনা বলে আখ্যা দিয়েছেন তিনি।
অতীতের সেই স্মৃতি হাতড়ে অভিনেত্রী পপি বলেন, ‘অভিনয় জীবনে কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। একবার একজনের সঙ্গে (শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। তিনি আমার জন্য সঠিক মানুষ ছিলেন না। আর এটিই আমার জীবনের বড় আফসোস।’
নব্বই দশকের শেষভাগে ঢালিউডের রূপালি পর্দায় নতুন উন্মাদনা সৃষ্টি করেছিলেন শাকিল খান ও পপি। এ জুটির সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শক হুমড়ি খেয়ে পড়তেন এবং বক্স অফিসে বয়ে যেত সাফল্যের জোয়ার। ১৯৯৭ সালে প্রখ্যাত নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হন তাঁরা। একসঙ্গে টানা কাজ করার সুবাদে একপর্যায়ে তাঁরা একে অপরের প্রেমেও পড়েন।
তবে বাস্তব জীবনের এই প্রণয় রূপ নেয় চরম বিতর্কে। একসময় প্রেম ছাড়িয়ে তাঁদের বিয়ে নিয়ে সিনেমাপাড়ায় জোর গুঞ্জন ওঠে। পপি তখন বিয়ের খবর পুরোপুরি অস্বীকার করলেও শাকিল নাছোড়বান্দা ছিলেন; তিনি চারদিকে তাঁদের বিয়ের কথা প্রচার করতে থাকেন। পরিস্থিতি এতটাই জটিল রূপ নেয় যে, শেষ পর্যন্ত এ নিয়ে একাধিক জিডিও দায়ের হয়।
পরবর্তীতে ২০১৭ সালে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের টকশো ‘সেন্স অব হিউমার’-এ হাজির হয়ে পুরোনো সেই সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন পপি। ওই অনুষ্ঠানে তিনি অকপটে স্বীকার করেন শাকিলের সঙ্গে তাঁর প্রেমের কথা। জনপ্রিয় এই পর্দা-জুটি ভেঙে যাওয়ার পেছনে শাকিলের পাগলামিকেই সরাসরি দায়ী করেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ও অস্থিরতার জেরেই পরবর্তীতে প্রযোজক ও পরিচালকরা তাঁদের নিয়ে নতুন কোনো সিনেমা নির্মাণে আগ্রহ দেখাননি। চলচ্চিত্রবোদ্ধাদের মতে, ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত নানা স্ক্যান্ডালে জড়িয়ে শেষ পর্যন্ত সম্ভাবনাময় শাকিল-পপি জুটিটি চিরতরে ভেঙে যায়।
এই জুটির উল্লেখযোগ্য হিট চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘এই মন তোমাকে দিলাম’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘পাহারাদার’, ‘অবুঝ মনের ভালোবাসা’, ‘আমার বউ’, ‘মা যখন বিচারক’ ও ‘অগ্নিসাক্ষী’।
উল্লেখ্য, চিত্রনায়িকা পপির ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায়, তাঁর ঝুলিতে কমার্শিয়াল সিনেমার সংখ্যাই বেশি। এসব বাণিজ্যিক চলচ্চিত্রে তাঁর অভিনীত ক্যারেক্টারের ভেরিয়েশন ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বদমেজাজি ও অহংকারী ঘরানার ক্যারেক্টারগুলোতে রূপালি পর্দায় তিনি বরাবরই অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। একজন দক্ষ নায়িকার জন্য কমার্শিয়াল ছবিতে প্রয়োজনীয় গুড লুকিং চেহারা, নজরকাড়া গ্ল্যামার, গুড ভয়েস এবং গুড অ্যাকটিংয়ের যে চমৎকার সমাবেশ দরকার, তার সবকটি গুণই পরিপূর্ণভাবে বিদ্যমান পপির মাঝে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।