এলপিজি সিলিন্ডারের মূল্য ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন তিনগুণ করার দাবি জানিয়েছেন।
বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়ানোর প্রস্তাব দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা কমিশন নির্ধারণের প্রস্তাব করেছে।
এদিকে, পরিবেশকেরা প্রতি সিলিন্ডারে কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে খুচরা বিক্রেতারা বর্তমান ৪৫ টাকা কমিশন বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশে এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৩০। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠান নিয়মিত এলপিজি আমদানি করে। এ ছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে আরও ১২টি প্রতিষ্ঠান।
গণশুনানিতে উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে বিইআরসির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কমিশন কাঠামোয় কোনো পরিবর্তন আসবে কি না।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।