ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ওভারেই ছয়টি ছক্কা হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু তাই নয়, টানা সাত বলে ছক্কা হজম করেছে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত নির্ধারিত ইনিংসে ১২৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। তবে অন্য প্রান্তে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানে বিদায় নেন তিনি। অন্যদিকে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করে ৫৪ রান করেন সোহান।
ম্যাচের চতুর্থ ওভারে ব্ল্যাক সিম্পসনের বিপক্ষে ছক্কার বৃষ্টি নামান সোহান ও মৃত্যুঞ্জয়। ওই ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর সাজঘরে ফেরেন তিনি। বাকি চার বলে টানা চারটি ছক্কা মারেন মৃত্যুঞ্জয়।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে বাংলাদেশের ব্যাটারদের কাছে ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
শেষদিকে ৬ বলে ২৬ রান করে বিদায় নেন মৃত্যুঞ্জয়। এরপর আবারও ক্রিজে ফেরেন সোহান। অন্য প্রান্তে ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রনি। তাঁদের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১২৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।