উচ্চপর্যায়ের সফর ও পারস্পরিক যোগাযোগ বাংলাদেশ ও চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ দুই দেশ। দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হচ্ছে।
তিনি বিশেষ করে চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। তার মতে, পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষা এসব খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে। একই সঙ্গে এটি ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করতে পারে।
ইয়াও ওয়েন আরও বলেন, কয়েক দশক ধরে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতেও এসব সংগঠনের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে চীনা দূতাবাস একটি সেতু হিসেবে কাজ করে যাবে। বাংলাদেশের বিভিন্ন খাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে চীন তার সহযোগিতা অব্যাহত রাখবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।