ইয়েমেন ইস্যুতে ন্যায্যতা ও ভারসাম্য নিশ্চিত করা না হলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রস্তাবটির চূড়ান্ত খসড়া এখনো তৈরি হয়নি। তেহরান আশা করছে, প্রস্তাব ও চূড়ান্ত বিবৃতিতে সব পক্ষের অবস্থান বিবেচনায় নেওয়া হবে।
আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদন অনুযায়ী, আরাগচি বলেন, ইয়েমেন ইস্যুতে একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে ইরানের বিবেচনায় এতে ন্যায্যতা ও ভারসাম্য বজায় রাখা না হলে তেহরান তাতে একমত হবে না। তিনি বলেন, তাঁরা আশা করেন, প্রস্তাব ও চূড়ান্ত বিবৃতিতে ন্যায্যতা ও ভারসাম্য নিশ্চিত করা হবে। তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রস্তাবটিতে যোগ দিতে পারবে না।
আরাগচি জানান, বৈঠকে ইয়েমেন পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরব তাদের অবস্থান তুলে ধরেছে। ইরানসহ অন্যান্য দেশও নিজেদের মতামত জানিয়েছে। প্রস্তাবটির চূড়ান্ত খসড়া এখনো প্রস্তুত হয়নি। ওআইসির সদস্যদেশগুলোর বড় একটি অংশ সৌদি আরবের কাছাকাছি অবস্থানে থাকলেও তেহরান অন্য সদস্যদের সঙ্গে এ বিষয়ে ব্যাপক আলোচনা করেছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে আরাগচি বলেন, ওয়াশিংটনের কাছে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান। এটি সাত দিনের পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রও তাদের অবস্থান জানিয়েছে এবং ইরান সেই বক্তব্যের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, সাত দিনের পরিকল্পনাটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্র আন্তরিকতা দেখালে সমাধানের পথ পরিষ্কার হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শর্তগুলো পূরণ করলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে আলোচনা শুরু হবে।
২০১৪ সালে ইরান সমর্থিত হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি প্রদেশ দখল করার পর দেশটিতে সংঘাত শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে। পরবর্তী সময়ে সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়ে। জুলাইয়ে হুতিরা সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর সৌদি আরবে হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে।
এদিকে, ইরাকের রাজধানী বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন চলছে। তুরস্কের কাছ থেকে সংস্থাটির ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব নিয়েছে ইরাক। বৈঠকে ৫৭ সদস্যের এই সংস্থার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ইয়েমেন ও ফিলিস্তিনের পরিস্থিতিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হচ্ছে।
আরাগচি আরও বলেন, প্রতিবেশী ইরাককে বিশেষ গুরুত্ব দেয় ইরান। ওআইসির নতুন মহাসচিব নিয়োগ এবং ইরাকের সভাপতিত্ব সংস্থাটিকে নতুন গতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। মুসলিম দেশগুলোর মধ্যে বিরোধ নিরসনে ওআইসি গঠনমূলক ভূমিকা রাখবে বলেও আশা করছে তেহরান।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।