ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক আকাশযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর ৫ অক্টোবরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকায় যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন-সবই রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত সব আকাশযান স্থায়ীভাবে ধ্বংস হয়নি; কিছু পরে মেরামত করে আবার সেবায় ফেরানো হয়েছে।
সিআরএসের তালিকায় রয়েছে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ইগল, একটি এফ-৩৫এ লাইটনিং টু, দুটি এ-১০ থান্ডারবোল্ট টু, সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার, একটি ই-৩ সেন্ট্রি, দুটি এমসি-১৩০জে কমান্ডো টু, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন টু, একটি এমকিউ-৪সি ট্রাইটন, তিনটি এমকিউ-১, একটি এএইচ-৬৪ অ্যাপাচি, চারটি এএইচ-৬ লিটল বার্ড এবং একটি এমএইচ-৬০ সি হক।
ক্ষয়ক্ষতির বড় অংশজুড়ে রয়েছে এমকিউ-৯ রিপার ড্রোন। অন্তত ৪৫টি এই ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে মার্কিন বিমানবাহিনীর এমকিউ-৯ বহরের সংখ্যা কমে প্রায় ১৩৫টিতে দাঁড়িয়েছে, যেখানে ন্যূনতম ১৮৯টি রাখার প্রয়োজন রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩ মার্চ কুয়েতে নিজেদের ভুলে তিনটি এফ-১৫ই ভূপাতিত হয়। এপ্রিলে ইরানে আরেকটি এফ-১৫ই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। এ ছাড়া সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় আরও আটটি এফ-১৫ই সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এসবের কয়েকটি পরে মেরামত করে আবার ব্যবহারে নেওয়া হয়েছে।
এদিকে ১৯ মার্চ ইরানে মার্কিন অভিযানের সময় একটি এফ-৩৫এ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও সিআরএসের প্রতিবেদনে রয়েছে। তালিকায় ২৭০ মিলিয়ন ডলার মূল্যের একটি ই-৩ সেন্ট্রি গোয়েন্দা বিমান এবং এ-১০ থান্ডারবোল্ট-২ যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।
শুধু সামরিক সরঞ্জাম নয়, ইরান যুদ্ধের আর্থিক ব্যয়ও দ্রুত বাড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের হিসাবে, ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪৩.৬ বিলিয়ন ডলার। এর মধ্যে অস্ত্র ও গোলাবারুদ প্রতিস্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২৮.১ বিলিয়ন ডলার। আগস্টের হিসাবের তুলনায় মোট ব্যয় বেড়েছে প্রায় ৫.৬ বিলিয়ন ডলার।
কংগ্রেসে দেওয়া হিসাব অনুযায়ী, যুদ্ধের ব্যয়ের মধ্যে সামরিক অভিযান পরিচালনা, গোলাবারুদ প্রতিস্থাপন, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম পুনরুদ্ধারসহ বিভিন্ন খরচ অন্তর্ভুক্ত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোর ভবিষ্যৎ মেরামত ব্যয় এই হিসাবের বাইরে রয়েছে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।