আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসার কথা রয়েছে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে চার দেশের এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইও আলোচনায় উপস্থিত থাকবেন।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা তেহরানের কৌশলগত নীতির অংশ। তাঁর দাবি, নিজস্ব সক্ষমতার ভিত্তিতে গড়ে তোলা ইরানের প্রতিরক্ষা মডেল জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় সফল হয়েছে।
আইআরআইবি বৈঠকের নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকটি সোমবারই অনুষ্ঠিত হবে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার আশঙ্কা ও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ইরানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের যোগাযোগ প্রথমবারের মতো হতে যাচ্ছে।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, বাইরের শক্তির ভূমিকা এবং সংশ্লিষ্ট দেশগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে আলোচনার বিস্তারিত কর্মসূচি ও সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।