ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (INDIA) আসন্ন জনসমাবেশের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠেয় এ সমাবেশ থেকে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবি জানাবে বিরোধী জোট।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দিপকে সমাবেশের প্রতি সমর্থন ঘোষণা করেন। পোস্টে তিনি লেখেন, ‘জ্ঞানুকে যেতেই হবে দেশ সবার ওপরে।’ একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত সংগঠনগুলোর পাশে থাকার কথা জানায় দলটি।
সিজেপির বিবৃতিতে বলা হয়, এসআইআর প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে দলটি বলেছে, এ অধিকার সুরক্ষায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা জরুরি।
বিবৃতিতে সিজেপি আরও দাবি করে, গণতন্ত্রে জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করে; সরকার নিজের পছন্দ অনুযায়ী ভোটার বেছে নিতে পারে না। দলটির অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই মৌলিক নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন বলেও মনে করে সিজেপি।
সংবিধান প্রণেতাদের সর্বজনীন ভোটাধিকারের ধারণার কথাও বিবৃতিতে তুলে ধরেছে দলটি। বাবাসাহেব ভীমরাও আম্বেদকর, জওহরলাল নেহরুসহ সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কথা উল্লেখ করে সিজেপি বলেছে, জাতি, ধর্ম, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা কিংবা আর্থিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল তাঁদের লক্ষ্য। গণতন্ত্রের পরিধি সংকুচিত করা নয়, বরং আরও বেশি মানুষকে এর আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
সিজেপির বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যোগ্য নাগরিকদের ভোটাধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটদানের প্রক্রিয়া সহজ করার পরিবর্তে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হলে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইন্ডিয়া জোটের সমাবেশে সমর্থন জানালেও ১ নভেম্বর রামলীলা ময়দানে সিজেপির নেতারা সরাসরি উপস্থিত থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। অভিজিৎ দিপকের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।