ঘর-সংসার থেকে কর্মজীবন, সবখানেই বিছানো রাজনীতির ‘ফাঁদ’! নতুন সিনেমার ঘোষণায় বিস্ফোরক ইশা

ঘর-সংসার থেকে কর্মজীবন, সবখানেই বিছানো রাজনীতির ‘ফাঁদ’! নতুন সিনেমার ঘোষণায় বিস্ফোরক ইশা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা এবার বড় পর্দায় হাজির হচ্ছেন রাজনীতির এক জটিল মনস্তাত্ত্বিক জাল নিয়ে। সম্প্রতি মুক্তি পাওয়া রাজনৈতিক কমেডি সিনেমা ‘একটু সরে বসুন’-এ নজর কাড়ার পর, আবারও একই ঘরানার একটি চলচ্চিত্রে নাম লেখালেন তিনি। সিনেমার নাম রাখা হয়েছে ‘ফাঁদ’, যা পরিচালনা করছেন কলকাতার প্রথিতযশা নির্মাতা দুলাল দে। তবে এই রাজনীতি কেবল জনসভা বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের গভীরে প্রোথিত অদৃশ্য রাজনীতির গল্প বলবে এই ছবি।

গত রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ‘ফাঁদ’ সিনেমার কাস্ট বা অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানেই রাজনীতি নিয়ে নিজের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা অকপটে স্বীকার করেন ইশা। আইনজীবী থেকে অভিনয় জগতে আসা এই অভিনেত্রী মনে করেন, রাজনীতি কেবল রাজপথের বিষয় নয়। তাঁর মতে, আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ধাপে—তা হোক সংসার, বন্ধুত্ব কিংবা কর্মস্থল—রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইশা সাহা বলেন, “বাস্তবতা হলো আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার। আমি নিজেও ব্যক্তিগত জীবনে এর মুখোমুখি হয়েছি।”

টলিউডের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি এবং দলাদলি নিয়েও নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন ইশা। তিনি উল্লেখ করেন যে, এমনকি ভাই-বোনের মতো পবিত্র সম্পর্কের মধ্যেও অনেক সময় স্বার্থের রাজনীতি ঢুকে পড়ে। যারা দাবি করেন যে তাঁদের জীবনে এসব নেই, তাঁরা মূলত সত্য গোপন করেন। আইনি পেশায় থাকাকালীন পারিবারিক কোন্দলগুলো খুব কাছ থেকে দেখেছেন বলেই তিনি এমনটা দাবি করেন। টলিউডেও বর্তমানে এই ধরনের রেষারেষি বা নেতিবাচক রাজনীতি বাড়ছে যা তাঁকে ব্যথিত করে। তবে তিনি আশাবাদী যে, সংঘাত নয় বরং গঠনমূলক আলোচনার মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রির সকল সমস্যার সমাধান সম্ভব।

বাঙালি দর্শকদের কাছে বিশুদ্ধ রাজনৈতিক ছবির আবেদন কিছুটা কম হওয়ার কারণেই এই ঘরানার সিনেমা নির্মাণে ভাঁটা পড়ে বলে মনে করেন ইশা। তবুও ‘ফাঁদ’ সিনেমাটি সেই প্রচলিত ধারণা বদলে দেবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে ইশা সাহার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করবেন একঝাঁক শক্তিমান অভিনেতা। কাস্ট লিস্টে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সায়ন ঘোষ, সুহত্র মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্যের মতো তারকারা। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটি দর্শককে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করবে বলে সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।