দেশের নিম্ন ও মধ্যবিত্ত আয়ের জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও দুর্যোগসহনশীল আবাসন নিশ্চিত করতে বড় ধরনের আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রান্তিক মানুষ যেন সহজে আবাসন ঋণের আওতায় আসতে পারেন, সে লক্ষ্যে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। এই সুবিধার কেন্দ্রবিন্দুতে থাকবেন মূলত নারী এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
অনুমোদিত এই ১০ কোটি ডলারের মধ্যে ৪ কোটি ডলারের যোগান দেওয়া হবে এডিবির নিজস্ব জলবায়ু অভিযোজন তহবিল (ক্লাইমেট অ্যাডাপটেশন ফান্ড) থেকে। এর পাশাপাশি পুরো প্রকল্পটির সঠিক ও মানসম্মত বাস্তবায়নে কারিগরি সহায়তা বাবদ অতিরিক্ত আরও ৬ লাখ ডলার অনুদান হিসেবে প্রদান করবে আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থা।
অর্থায়নের এই পুরো কার্যক্রম পরিচালিত ও বাস্তবায়িত হবে সরকারের শীর্ষস্থানীয় সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর সহযোগী তালিকাভুক্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। এর আওতায় সুবিধাভোগীদের দীর্ঘমেয়াদি ও কোনো ধরনের জামানত ছাড়াই ক্ষুদ্রঋণ দেওয়া হবে। প্রান্তিক পরিবারগুলো এই অর্থ কাজে লাগিয়ে নতুন বসতঘর নির্মাণ কিংবা পুরোনো ঘর সংস্কার ও টেকসই রূপান্তর করতে পারবে।
এডিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থানের ব্যাপক ঘাটতি রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য আবাসন অর্থায়নের সুযোগও অত্যন্ত সীমিত। বিশেষ করে যারা অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তারা ব্যাংকের প্রচলিত আবাসন ঋণ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। এমন প্রেক্ষাপটে এডিবির এই সময়োপযোগী উদ্যোগ আবাসন সংকট নিরসনে ইতিবাচক পরিবর্তন আনবে।
এ বিষয়ে এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, আবাসন মানুষের মর্যাদা, জীবনের সুযোগ এবং যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও দুর্যোগসহনশীল ঘর নির্মাণে সহায়তা করার মাধ্যমে এই উদ্যোগ দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মানবসম্পদের উন্নয়নে অবদান রাখবে। একই সঙ্গে এটি দেশের অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।
ঘোষিত এই প্রকল্পের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে ন্যূনতম ৪০ হাজার পরিবারকে আবাসন ঋণ সুবিধার আওতায় নিয়ে আসার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের বড় একটি অংশ জুড়ে থাকছেন নারীরা; মোট উপকারভোগীদের মধ্যে অন্তত ৩২ হাজার নারী ঋণগ্রহীতাকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের তীব্র ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে অন্তত ২৪ হাজার পরিবারকে এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে।
প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের আর্থিক ও ভূমিসংক্রান্ত আইনি অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা। বিশেষ করে নারীদের আবাসন ও সম্পত্তির নিরাপত্তা সুসংহত করতে ঋণগ্রহীতা স্বামী-স্ত্রীর যৌথ বসবাস সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঘরগুলোর নকশা ও নির্মাণকৌশল এমনভাবে তৈরি করা হবে, যাতে সেগুলো বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র তাপপ্রবাহের মতো চরম প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারে।
এডিবির মতে, এই প্রকল্প শুধু ঘর তৈরিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের সামগ্রিক আবাসন অর্থায়ন খাতকে শক্তিশালী করবে এবং বেসরকারি খাতের বিনিয়োগকে উৎসাহিত করবে। এ লক্ষ্যে পিকেএসএফ ও তৃণমূলের ক্ষুদ্রঋণ সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক তথ্য ব্যবস্থাপনা, ঝুঁকি নিরূপণ, ক্লাইমেট রিস্ক মূল্যায়ন এবং ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা ঢেলে সাজানো হবে।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া