ফুটবল বিশ্বের নজর এখন ইউরোপের সবুজ গালিচায়। ২০২৫-২৬ মৌসুমের ‘ডেডলাইন’ ঘনিয়ে আসার সাথে সাথে ক্লাবগুলোর দীর্ঘ এক বছরের পরিশ্রমের ফল পাওয়ার সময় হয়েছে। যদিও মৌসুম শেষ হতে এখনো কয়েক সপ্তাহ বাকি, তবে পয়েন্ট টেবিলের সমীকরণ বলছে—আগামী দুই দিনের মধ্যেই স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’, পর্তুগালের প্রিমেরা লিগ এবং তুরস্কের সুপার লিগের নতুন চ্যাম্পিয়নদের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।
স্পেন: বার্সেলোনার ২৯তম মুকুটের অপেক্ষা
লা লিগার ৩৩ রাউন্ড শেষে বার্সেলোনার অবস্থান এখন ধরাছোঁয়ার বাইরে। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কাতালানদের পেছনে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। আজ রাতে বার্সেলোনা যদি ওসাসুনাকে হারাতে পারে এবং আগামীকাল রিয়াল মাদ্রিদ যদি এসপানিওলের বিপক্ষে পয়েন্ট হারায় (ড্র বা হার), তবে ৫ ম্যাচ হাতে রেখেই নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করবে হানসি ফ্লিকের শিষ্যরা। ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সা মুখোমুখি লড়াইয়েও এগিয়ে থাকায় রিয়ালের সামনে আর কোনো গাণিতিক সুযোগ অবশিষ্ট থাকবে না।
ইতালি: ইন্টার মিলানের রাজকীয় প্রত্যাবর্তন
সিরি ‘আ’-তে ইন্টার মিলান এখন এক অপ্রতিরোধ্য নাম। ৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টারের সাথে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির ব্যবধান ১০ পয়েন্টের। আগামীকাল পার্মার বিপক্ষে জিতলেই কোনো সমীকরণ ছাড়াই নিজেদের ২১তম লিগ ট্রফি ঘরে তুলবে নেরাজ্জুরিরা। এমনকি আজ রাতে নাপোলি যদি কোমোর কাছে হেরে যায় এবং আগামীকাল এসি মিলান যদি সাসসুয়োলোর বিপক্ষে জয় না পায়, তবে মাঠের লড়াই শুরুর আগেই শিরোপা উৎসবে মাততে পারে ইন্টার।
তুরস্ক ও পর্তুগাল: গালাতাসারাই ও পোর্তোর হাতছানি
তুরস্কের সুপার লিগে ভিক্টর ওশিমেনদের গালাতাসারাই এখন শিরোপার খুব কাছে। আজ সামসুনপুরের বিপক্ষে জয় পেলেই টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে, পর্তুগালের প্রিমেরা লিগে পোর্তো তাঁদের শিরোপা খরা কাটানোর দ্বারপ্রান্তে। ৩১ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে বেনফিকার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকা পোর্তো আজ আলভারকাকে হারাতে পারলেই উৎসবে মাতবে। বেনফিকা যদি তাঁদের ম্যাচে ফ্যামিলিয়াকাওয়ের কাছে হেরে যায়, তবে পোর্তোর জন্য জয়ও বাধ্যতামূলক থাকবে না।
ইউরোপীয় ফুটবলের এই ‘সুপার উইকএন্ড’ ভক্তদের জন্য এক অনন্য রোমাঞ্চ নিয়ে এসেছে। মাঠের লড়াই আর গাণিতিক হিসাব-নিকাশ শেষে শেষ পর্যন্ত কার শোকেসে নতুন ট্রফি যুক্ত হয়, সেটিই এখন দেখার বিষয়।
ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।