২০ বছর পর পৈতৃক ভিটায় তারেক রহমান; সিটি করপোরেশন ঘোষণাসহ একগুচ্ছ কর্মসূচিতে সাজ সাজ রব

দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার নিজ পৈতৃক ভিটায় পা রাখছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের ‘জিয়াবাড়ি’ হিসেবে পরিচিত পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রীর এই শুভাগমনকে কেন্দ্র করে পুরো জেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সুসম্পন্ন করা হয়েছে এবং পুরো এলাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।


প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অবকাঠামোসমূহ সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, বগুড়া পৌরসভা ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ নতুন রঙে সজ্জিত করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর জনসভাস্থল হিসেবে নির্ধারিত ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিশাল মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে, যেখানে তিনি জনসাধারণের উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।


গাবতলীর বাগবাড়ী গ্রামেও প্রস্তুতির কোনো কমতি রাখা হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’ এবং বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণ নতুন রূপে সেজেছে। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হয়েছে। উল্লেখ্য, বগুড়া শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই জিয়াবাড়িটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের জৌলুস ফিরিয়ে আনা হয়েছে।


জেলা প্রশাসনের সরবরাহকৃত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকালে সড়কপথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত জেলা আইনজীবী সমিতি ভবনের উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে উপস্থিত হয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী ফলক উন্মোচন করবেন, যা স্থানীয়দের দীর্ঘদিনের এক বড় দাবি ছিল।


পৌরসভার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সরাসরি তাঁর পৈতৃক গ্রাম বাগবাড়ীতে যাবেন। সেখানে তিনি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং এক সুধী সমাবেশে অংশ নেবেন। এরপর তিনি গ্রাম সংলগ্ন ঐতিহাসিক চৌকিরদহ খাল খননকাজের শুভ উদ্বোধন করবেন।


মধ্যাহ্নভোজ ও বিশ্রামের জন্য বেলা দুইটায় প্রধানমন্ত্রী পুনরায় সার্কিট হাউসে ফিরবেন। বিকেলে ৪টায় তিনি আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা পৌনে ছয়টায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন। সফর শেষে সড়কপথেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন, তবে পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।


এ প্রসঙ্গে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। বিশেষ করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করার মাধ্যমে তিনি এই জনপদের মানুষের হৃদয়ে অন্যরকম স্থান করে নিয়েছেন। আলতাফুন্নেছা মাঠের জনসভাটি উত্তরবঙ্গের ইতিহাসে এক বিশাল গণজমায়েতে পরিণত হবে।"


ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।