১৬ বছর পর বেসরকারি কোম্পানির জন্য খুলছে শেয়ারবাজারের দরজা

দীর্ঘ ১৬ বছর পর দেশের শেয়ারবাজারে বেসরকারি কোম্পানিগুলোর জন্য আবারও ‘ডিরেক্ট লিস্টিং’ বা সরাসরি তালিকাভুক্তির সুযোগ চালু হয়েছে। বিদেশি ও বড় দেশীয় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আকৃষ্ট করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

২০১০ সালে খুলনা পাওয়ার ও ওশান কনটেইনারের তালিকাভুক্তি ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর বেসরকারি কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির সুযোগ বন্ধ রাখা হয়েছিল। পরে এ সুবিধা শুধু সরকারি কোম্পানির জন্য সংরক্ষিত করা হলেও কোনো সরকারি কোম্পানিও এই পদ্ধতিতে শেয়ারবাজারে আসেনি।

এরপর ২০১৪ সালে আমান সিমেন্ট এবং ২০২২ সালে বেস্ট হোল্ডিংস সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ার বিক্রির চেষ্টা করেছিল। তবে উভয় ক্ষেত্রেই বিএসইসি সেই উদ্যোগ আটকে দেয়। আমান গ্রুপের উদ্যোক্তারা আমান সিমেন্ট ইউনিট-২ কারখানা প্রতিষ্ঠার সময় পুরোনো ও স্বল্প উৎপাদনক্ষম ‘আমান সিমেন্ট’ কোম্পানির শেয়ার বিক্রির চেষ্টা করেছিলেন। অন্যদিকে, বিতর্কিত ব্যবসায়ী নাফিজ সরাফাত সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের প্রভাব কাজে লাগিয়ে বেস্ট হোল্ডিংসের শেয়ার উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে সরাসরি তালিকাভুক্তির চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পর্যন্ত সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পাঁচটি বেসরকারি কোম্পানি শেয়ারবাজারে এসেছে। ২০০৯ সালে তালিকাভুক্ত নাভানা সিএনজি এবং ২০১০ সালে তালিকাভুক্ত খুলনা পাওয়ার বর্তমানে ‘জেড’ ক্যাটেগরির কোম্পানি। ২০০৮ সালে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিক রয়েছে ‘বি’ ক্যাটেগরিতে। ২০১০ সালে তালিকাভুক্ত ওশান কনটেইনার পরবর্তী সময়ে ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে একই ব্যবসায়িক গ্রুপের সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সঙ্গে একীভূত হয়। সরাসরি তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মুলেশন এখন পর্যন্ত সন্তোষজনক অবস্থানে রয়েছে।

টানা দুই বছরের বেশি সময় ধরে শেয়ারবাজারে কোনো আইপিও না আসায় বাজারকে সক্রিয় করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান বিএসইসি। চেয়ারম্যান মাসুদ খান দায়িত্ব নেওয়ার পর এসব উদ্যোগের মধ্যে বেসরকারি কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির ব্যবস্থা পুনরায় চালু করা অন্যতম।

বিএসইসির প্রত্যাশা, শেয়ারের যথাযথ মূল্য না পাওয়া, ব্যবসা সম্প্রসারণে নতুন মূলধনের প্রয়োজন না থাকা এবং দীর্ঘ ও জটিল আইপিও প্রক্রিয়ার কারণে যেসব ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে আগ্রহী ছিল না, নতুন ব্যবস্থায় তারা তালিকাভুক্তির সুযোগ পাবে। তবে অতীতের অনিয়ম ও নেতিবাচক অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার আলাদা বিধিমালা প্রণয়ন করেছে কমিশন। আগে স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশনের আওতায় বিষয়টি পরিচালিত হতো।

কোন ধরনের কোম্পানি পাবে সুযোগ

নতুন বিধিমালা অনুযায়ী, সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তা বা বিদ্যমান শেয়ারহোল্ডাররা সরাসরি সেকেন্ডারি শেয়ারবাজারে নিজেদের শেয়ার বিক্রি করতে পারবেন। তবে সব কোম্পানি এ সুবিধার আওতায় আসবে না।

সুযোগ পাবে এমন কোম্পানি, যেখানে সরকারের অন্তত ১০ শতাংশ মালিকানা রয়েছে অথবা বিদেশি মালিকানা কমপক্ষে ৫১ শতাংশ। এ ছাড়া অন্তত ৫০০ কোটি টাকার নিট সম্পদ থাকা তপশিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি; বার্ষিক অন্তত এক হাজার কোটি টাকা টার্নওভার থাকা কোম্পানি; এবং স্টক এক্সচেঞ্জ বা ডিপোজিটরি প্রতিষ্ঠানও এ পদ্ধতিতে তালিকাভুক্ত হতে পারবে।

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বেশ কিছু শর্তও যুক্ত করা হয়েছে। আগ্রহী কোম্পানিকে অন্তত টানা পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে। সর্বশেষ দুই আর্থিক বছরে মূল ব্যবসায়িক কার্যক্রম থেকে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসা থেকে নগদ অর্থের প্রবাহ ইতিবাচক হতে হবে। কোম্পানির কোনো পুঞ্জীভূত লোকসান থাকা যাবে না। একই সঙ্গে উদ্যোক্তা ও শেয়ার বিক্রেতাদের ঋণখেলাপি হওয়া চলবে না।

তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে কোম্পানির অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এর মাধ্যমে কোম্পানির মালিকানা ও ব্যবস্থাপনায় তাদের দায়বদ্ধতা বজায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

কারা শেয়ার বিক্রি করবেন, নির্ধারিত হবে যেভাবে

নতুন নিয়মে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও প্রাথমিক শেয়ারহোল্ডাররা নিজেদের শেয়ার বিক্রি করতে পারবেন। তবে পুরো প্রক্রিয়ায় তাদের মূল পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশের সমপরিমাণ শেয়ার বিক্রি করতে হবে।

শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকারের পরামর্শ নিতে হবে। কোম্পানির সম্পদ, দায় ও আয় বিবেচনায় শেয়ারের যৌক্তিক মূল্য বা ‘রেফারেন্স মূল্য’ নির্ধারণ করা হবে। এরপর শেয়ার বিক্রির জন্য প্রকাশিত সর্বনিম্ন মূল্য রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম রাখতে হবে।

বিধিমালা অনুযায়ী, বিনিয়োগকারীরা প্রথম দুই দিন নির্ধারিত সর্বনিম্ন বিক্রয়মূল্যের চেয়ে কম দামে শেয়ার কেনার আদেশ দিতে পারবেন না।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে বড় ও যোগ্য বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার চেষ্টা করছে বিএসইসি। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে নতুন বিধিমালার বাস্তবায়ন, কোম্পানির আর্থিক অবস্থার যাচাই এবং শেয়ারের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে।

ডেস্ক রিপোর্ট, দেশ মিডিয়া।